টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে হারলো নেপাল
জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল নেপাল। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলটি কাটিয়ে উঠতে পারল না শেষ মুহূর্তের চাপ। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করলেও শেষের সমীকরণ মেলাতে পারেনি। তাতে হিমালয়ের দেশটির ইতিহাস গড়া হলো না।
রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ৪ রানের নাটকীয় জয় পেয়েছে ইংলিশরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপালের ইনিংস।
১৮৫ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা পায় নেপাল। পাওয়ার প্লের প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। ৯ বলে ৭ রান করে আউট হন আসিফ শেখ। আরেক ওপেনার কুশল ভুর্টেল আউট হন ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রানে। তাতে ৫.২ ওভারে ২ উইকেটে ৪২ রানে পরিণত হয় নেপাল।
এরপর দায়িত্ব নেন দীপেন্দ্র সিং ঐরি ও নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। তৃতীয় উইকেটে তারা দুজনে ৫৪ বলে ৮২ রানের জুটি গড়েন। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল নেপাল। কিন্তু পরপর দুই ওভারে এই দুজনের বিদায়ের পর ব্যাপফুটে চলে যায় নেপাল।
দীপেন্দ্র সিং ঐরি ২৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৪ রান করেন। অধিনায়ক পাউডেলের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৯ রান। এরপর লড়াইয়ে চালিয়ে যান লোকেশ বাম। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৬ রানের। সেখান থেকে ১৮ এবং ১৯তম ওভারে মোট ৩৬ রান আসে।
ফলে জিততে হলে মাত্র ১০ রান দরকার ছিল শেষ ওভারে। কিন্তু স্যাম কারেনের দুর্দান্ত বোলিয়ে জিতে যায় ইংল্যান্ড। নেপালের ইনিংস থামে ১৮০ রানে। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম। বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে লিয়াম ডুসেন ২ উইকেট শিকার করেন।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত থেকে রানের চাকা সচল রাখতে থাকে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংলিশরা।
ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩৫ বলের ইনিংসে চারটি করে চার ও ছক্কা মেরেছেন। ফিফটি করেছেন হ্যারি ব্রুকও। ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেছেন ৫৩ রান। আর ৩৯ রানে উইল জ্যাকস অপরাজিত থাকেন। নেপালের দীপেন্দ্র সিং ঐরি ও নন্দন যাদব দুটি করে উইকেট।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: