পিসিবিকে রাজি করাতে আইসিসির ডেপুটি চেয়ারম্যান এখন লাহোরে, আছেন বুলবুলও
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানের সঙ্গে আলোচনায় বসবেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পিসিবির মুখপাত্র আমির মির জানিয়েছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান আজ পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসবেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানে পৌঁছেছেন।
সূত্র জানায়, পাকিস্তানে অবস্থানকালে বিসিবি প্রধান আজ (৮ ফেব্রুয়ারি) পরে অনুষ্ঠিতব্য আইসিসির জরুরি বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন।
সূত্র আরও জানায়, ঢাকায় ফেরার আগে আমিনুল ইসলাম পিসিবি চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আইসিসির ডেপুটি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর সৃষ্ট পরিস্থিতি নিয়েই আলোচনা হবে। এই অগ্রগতি এসেছে এমন এক প্রেক্ষাপটে, যেখানে পিসিবি আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। এই বিরোধে বাংলাদেশের ভূমিকা কেন্দ্রীয় হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই'র নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ঢাকায় এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ হয়।
এরপর বিসিবি আইসিসির কাছে তাদের ম্যাচগুলো ভারতের বাইরে* আয়োজনের অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেই আবেদন নাকচ করে দেয়। বিসিবির অনড় অবস্থানের পর আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। আইসিসির যুক্তি ছিল, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।
এদিকে, ভারতের গণমাধ্যমে প্রকাশিত সেই খবরও নাকচ করেছে পিসিবি, যেখানে বলা হয়েছিল—ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে সমাধানের জন্য পিসিবি আইসিসির সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে।
ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্ত* দাবি করেছিলেন, ভারত–পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আলোচনার জন্য পিসিবি আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। এর জবাবে পিসিবির মুখপাত্র আমির মির ওই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।
ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো ম্যাচই ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক ইভেন্টগুলোর একটি, ব্রডকাস্ট, স্পনসরশিপ ও বিজ্ঞাপন আয়ের দিক থেকে যার আর্থিক মূল্য শত শত মিলিয়ন ডলার।
বাণিজ্যিক হিসাবে, একটি ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট মূল্য প্রায় ৫০ কোটি ডলার, । এতে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন প্রিমিয়াম, স্পনসর অ্যাক্টিভেশন, টিকিট বিক্রি ও সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অন্তর্ভুক্ত।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের দাম ২৫ থেকে ৪০ লাখ রুপি, যা ভারতের অন্য শীর্ষ দলগুলোর বিপক্ষে নকআউট ম্যাচের চেয়েও অনেক বেশি।
তবে সবচেয়ে তাৎক্ষণিক আর্থিক প্রভাব পড়বে অফিসিয়াল সম্প্রচার স্বত্বাধিকারীর ওপর। শিল্পখাতের পূর্বাভাস অনুযায়ী, শুধু ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই প্রায় ৩০০ কোটি রুপি বিজ্ঞাপন আয় হতে পারে।
বিসিবি প্রধানের পাকিস্তান সফরকে আরও একটি প্রেক্ষাপটে দেখা হচ্ছে—এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, আইসিসি পিসিবির সঙ্গে পর্দার আড়ালে আলোচনা শুরু করতে চাইছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে উপ-চেয়ারম্যান ইমরান খাজাকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: