টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কার ঘূর্ণি বিষে নীল আইরিশরা
ম্যাচে দুই দল লড়েছে দারুণভাবে। তবে শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কাই। লঙ্কানদের ঘূর্ণি জাদুতে থেমেছে আয়ারল্যান্ডের ঝড়। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে শুভসূচনা করল দাসুন শানাকার দল।
রোববার (৮ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে গেছে আইরিশদের ইনিংস।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২৪ রান আসে আয়ারল্যান্ডের। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মাহিশ থিকশানার বলে স্টার্লিং ১৩ বলে ৬ রানের শম্বুকগতির ইনিংস খেলে বিদায় নেন। এরপর হ্যারি টেক্টরকে নিয়ে দলকে টানতে থাকেন রস অ্যাডায়ার।
দুজনের ব্যাটে পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে আয়ারল্যান্ড। পাওয়ারপ্লে শেষে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বিদায় নিয়েছেন অ্যাডায়ার। ২৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আইরিশ ওপেনার।
এরপর টেক্টরের ও লরকান টাকারের কার্যকরী ব্যাটিংয়ে আইরিশরাও দেখতে থাকে জয়ের স্বপ্ন। তবে দলের ১০৫ রানের মাথাতে থেমেছেন টাকার, খেলেছেন ১৮ বলে ২১ রানের ইনিংস। পরের ওভারেই সাজঘরে ফিরেছেন টেক্টর। ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি।
দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। মাঝে লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন কার্টিস ক্যাম্ফার। তবে ১১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি। তাতে শেষ দিকে জয়ের আশা প্রায় শেষ হয়েই যায় আয়ারল্যান্ডের। ১৪৩ রানে অলআউট হয়েছে আইরিশরা।
শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং দুনিথ ভেল্লালাগে।
এর আগে, টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৬ রান করে টিকে ছিলেন কুশল মেন্ডিস। ১৯ বলে ৪৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস।
আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন জর্জ ডকরেল এবং ব্যারি ম্যাককার্থি। ১টি করে উইকেট নিয়েছেন গ্যারেথ ডিলানি এবং মার্ক অ্যাডায়ার। ম্যাচসেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: