নামিবিয়াকে উড়িয়ে ভারতের টানা দ্বিতীয় জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লিতে নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ 'এ'-এর শীর্ষে উঠে এলো তারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বিশাল সংগ্রহ পায় সূর্যকুমারের দল। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।
ভারতের হয়ে ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার ইশান কিষান। মাত্র ২৪ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ২৮ বলে ৫২ রানের কার্যকর ইনিংস খেলেন; ৪টি চার ও ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস।
এছাড়াও, সাঞ্জু স্যামসন করেন ২২ রান, তিলক বর্মা ২৫, সূর্যকুমার যাদব ১২ এবং শিবাম দুবে যোগ করেন ২৩ রান। নামিবিয়ার হয়ে গেরহার্ড এরাসমাস ৪টি উইকেট নেন। বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বার্নার্ড স্কলটজ একটি করে উইকেট শিকার করেন।
২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নামিবিয়া। দলের পক্ষে লরেন স্টিনক্যাম্প সর্বোচ্চ ২৯ রান করেন। ইয়ান ফ্রাইলিংক ২২, অধিনায়ক গেরহার্ড এরাসমাস ১৮, ইয়ান নিকোল লফটি-ইটন ১৩ এবং জেন গ্রিন ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ভারতের বরুণ চক্রবর্তী ৩টি, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া পান দুইটি করে উইকেট। ১৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে গিয়ে ৯৩ রানের বড় ব্যবধানে হার মেনে নেয় নামিবিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: