আরিয়ানশ-সোহাইবের জুটিতে আরব আমিরাতের জয়
সংযুক্ত আরব আমিরাত বেশ চাপেই পড়ে গিয়েছিল। কানাডার বিপক্ষে দেড়শ ছাড়ানো রানের লক্ষ্যে খেলতে নেমে সাদ বিন জাফরের কিপটেমিতে একটা পর্যায়ে তাদের স্কোরবোর্ড দাঁড়ায় ৬৬/৪। এরপর প্রতিরোধ গড়ে তুলেন ওপেনার আরিয়ানশ শর্মা ও ৬ নম্বরে নামা সোহাইব খান। জয় থেকে এক রান দূরে থাকতে সোহাইব আউট হলেও আরিয়ানশ ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
মুহাম্মদ ওয়াসিম, আলিশান শরাফু, মায়াঙ্ক কুমার ও হার্শিত কৌশিক, এই চারজনই আউট হন সিঙ্গেল ডিজিটে। এই উইকেটগুলোর ৩টিই জাফরের। এরপর ৮৪ রানের জুটি হয় আরিয়ানশ ও সোহাইবের মধ্যে। দুজনই ফিফটি তুলে নেন। তবে শেষের দিকে ফের চাপে পড়েছিলেন তারা।
শেষ দুই ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৬ রান। ১৯তম ওভারে ১৮ রান তুলে কাজটা সহজ করে ফেলেন আরব আমিরাত। পরের ওভারের প্রথম বলেই ছাক্কা মারেন আরিয়ানশ। তৃতীয় বলে আউট হয়ে যান সোহাইব। চতুর্থ বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন মুহাম্মদ আরফান।
৫১ রান করা সোহাইব ২৯ বলের ইনিংসে ৪টি করে ছয় ও চার মারেন। আরিয়ানশ ৫৩ বলে ৩ ছয় ও ৬ চারে ৭৪ রানে অপরাজিত থাকেন। জাফর মাত্র ১৪ রানে নেন ৩ উইকেট। একটি করে পান কালীম সানা ও জাসকারান সিং।
কানাডা ১৫০ রানের সংগ্রহ পায় হার্শ ঠাকেরের ফিফটিতে। ৫ নম্বরে নামা এই ব্যাটার ৪১ বলে ৫০ রানের ইনিংসটিকে সাজান ৩ ছয় ও ২ চারের মারে। নাভনীত ধালিওয়াল ৩৪, শ্রেয়াস মোভা ২১ ও দিলপ্রীত বাজওয়া ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: