[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালেই শিরোপা জেতে ভারত, এবারও কি জিতবে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে জিম্বাবুয়ে। টানা দুই জয়ে সুপার এইটে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে তারা। সবশেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে সিকান্দার রাজার দল। তাদের এই জয়ে ভারতের শিরোপা স্বপ্ন যেন জ্বলজ্বলে হয়ে উঠল। ইতিহাস বলছে, আফ্রিকান দেশটি অজিদের হারালে বিশ্বকাপ ট্রফি মিস হয় না ভারতের।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ লড়াই করে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করে তারা। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় অজিরা। ১৭ রানে চার উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান ব্লেসিং মুজারাবানি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে। এই জয় আফ্রিকান দেশটির জন্য গর্বের মুহূর্ত হলেও ভারতের জন্য মাহাত্ম্য বয়ে এনেছে। কারণ, আগে যে দুইবার অজিদের বিপক্ষে জয় পেয়েছিল জিম্বাবুয়ে, প্রত্যেকবারই ভারত বিশ্বকাপের ট্রফি নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম জয় ১৯৮৩ সালে ওয়ানডে সংস্করণে। নটিংহ্যামের সেই ম্যাচে অজিদের বিপক্ষে ১৩ রানে জিতেছিল তারা। একই টুর্নামেন্টে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারায় তারা।

দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রসপার উতসেয়ার জিম্বাবুয়ে দল রিকি পন্টিংয়ের অদম্য অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারায়। কেপ টাউনে তাদের সেই ঐতিহাসিক জয়ের পর ভারত জোহানেসবার্গের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে।

এবারের আসরেও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের ভক্তরাও স্বপ্ন দেখতে শুরু করেছে—টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে চলেছে ম্যান ইন ব্লুজরা। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল এরই মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে। তাদের আসল পরীক্ষা কলম্বোতে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর