[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের রেকর্ড জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৯৩ রানে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে ইউএসএ। জবাব দিতে নেমে মাত্র ১০৩ রানেই শেষ হয় ডাচদের ইনিংস।

বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের রানের হিসাবে সবচেয়ে বড় জয় এটি। ২০১৪ আসরে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানে জয় ছিল আগের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার জিতল যুক্তরাষ্ট্র। দুই দলের আগের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সবকটিতে জিতেছিল নেদারল্যান্ডস।

যুক্তরাষ্ট্রের হয়ে এদিন দুর্দান্ত অর্ধশতক হাঁকান টপ-অর্ডার ব্যাটার সাইতেজা মুক্কামাল্লা। ডানহাতি এই ব্যাটার ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৭৯ রান। তাকে দারুণ সঙ্গ দেন অলরাউন্ডার শুভম রঞ্জানে (অপরাজিত ৪৮) ও অধিনায়ক মনাঙ্ক প্যাটেল (৩৬)।

নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সেরা ছিলেন বাস ডে লিডে। তিনি চার ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া লোগান ভ্যান বীক, কাইল ক্লেইন ও ফ্রেড ক্লাসেন একটি করে উইকেট শিকার করেন।

১৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় তারা। টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় পরাজয়। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন বাস ডে লিড (১৭ বলে)। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ১৪ বলে ২০ রান। এছাড়া ম্যাক্স ও’ডাউড (১৩) ও রুলফ ভ্যান ডার মারভে (১০) দুই অঙ্ক স্পর্শ করেন।

যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে ঝলক দেখান হারমিত সিং। তিনি চার ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। শ্যাডলি ভ্যান শালকভাইক ৩টি, মোহাম্মদ মোহসিন ২টি এবং নোস্থুশ কেনজিগে ১টি উইকেট নেন।

তিন ম্যাচে এক জয় ও দুই পরাজয়ে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২। নেট রানরেট ০.৫৩৩ নিয়ে তারা গ্রুপ ‘এ’-এর তৃতীয় স্থানে উঠে এসেছে এবং সুপার এইটের আশা টিকিয়ে রেখেছে। অন্যদিকে, একই পয়েন্ট থাকলেও নেট রানরেট -১.৩৫২ হওয়ায় নেদারল্যান্ডস নেমে গেছে চতুর্থ স্থানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান।

উল্লেখ্য, চারটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে জায়গা করে নেবে। সুপার এইট পর্ব শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর