[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসর শুরুর দিনক্ষণ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২ পিএম

২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করছে। তৃতীয় আসর সামনে রেখে এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের সূচি।

নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ জুলাই থেকে শুরু হয়ে ১ আগস্ট পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতা। আগের দুই আসরের মতো এবারও পাঁচ দল নিয়ে গায়ানায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই আসর।

গ্লোবাল সুপার লিগ মূলত বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত একটি প্রতিযোগিতা। এক অর্থে এটি বিভিন্ন দেশের লিগ চ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ লড়াই। আয়োজকদের ঘোষণায় জানা গেছে, এবারের আসরের মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার, যা দলগুলোর প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

প্রথম আসরেই বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল হিসেবে শিরোপা জিতে আলোচনায় আসে রংপুর রাইডার্স। ২০২৪ সালে মূলত ফরচুন বরিশাল অংশ না নেয়ায় সুযোগ পায় রংপুর। সুযোগ পেয়ে তারা তা কাজে লাগায় দারুণভাবে। ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াভিত্তিক একটি ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। সেই দলে নেতৃত্বে ও পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।

দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হিসেবে আমন্ত্রণ পায় রংপুর। ধারাবাহিকতা ধরে রেখে আবারও ফাইনালে ওঠে তারা। তবে শিরোপা লড়াইয়ে শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশি দলটি। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-এর কাছে হেরে রানার্সআপ হয়েই শেষ করতে হয় তাদের অভিযান। তবুও টানা দুই আসরে ফাইনাল খেলা রংপুরের জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

এবার তৃতীয় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে গ্লোবাল সুপার লিগে অংশ নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দলটির সামনে। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জেতে রাজশাহী। নেতৃত্বে ছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বাধীন দলে অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের তারকার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দলে খেলেছেন মুশফিকুর রহিম, জিমি নিশাম ও কেইন উইলিয়ামসন এর মতো ক্রিকেটাররা।

ইতোমধ্যে গ্লোবাল সুপার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন শান্ত। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তৃতীয় আসরে গায়ানার মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

তিন আসরে পা দিতে যাওয়া গ্লোবাল সুপার লিগ এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বিভিন্ন দেশের লিগ চ্যাম্পিয়নদের পারস্পরিক শক্তিমত্তা যাচাইয়ের একটি আন্তর্জাতিক মঞ্চে পরিণত হচ্ছে। বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারাবাহিক সাফল্য এই আসরে দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, তৃতীয় আসরে নতুন প্রতিনিধি রাজশাহী সেই সাফল্যের ধারা বজায় রাখতে পারে কি না।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর