ভারতের কাছে হারের পর নাকভিকে ধুয়ে দিলেন শোয়েব
আবারও ভারতের কাছে বিশ্বকাপে হার। এবারের হারটাও লজ্জাজনক। কলম্বোতে রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর এখন সুপার এইটে ওঠা নিয়ে শঙ্কায় রয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তো জিততেই হবে, তার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে।
বরাবরের মতো ভারতের কাছে হারের পর সমালোচনার ঝড় ওঠে পিসিবির উপর। এবারও দেখা যাচ্ছে একই অবস্থা। ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পিসিবি সভাপতি মহসিন নাকভিকে ধুয়ে দিয়েছেন দলটির সাবেক পেসার শোয়েব আখতার।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভরাডুবির পর শোয়েব বলেন, ‘যে ব্যক্তি ক্রিকেট বোঝেন না, তিনি বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল এগোবে কীভাবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদি ভাবনা নেই। ফল তো এমনই হবে।’
তিনি আরও বলেন, ‘গত ১৫–২০ বছরে সিস্টেমে কোনো উন্নয়ন হয়নি। আমরা একসময় ভারতের সঙ্গে সমানে সমান লড়াই করতাম, এখন তাদের হারানোর কথা ভাবাও কঠিন। একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানানো হয়েছে, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোই সবচেয়ে বড় অপরাধ।’
এদিকে পাকিস্তানের পেসারদের সমালোচনাও করেছেন শোয়েব। তিনি বলেন, ‘১২৫-১৩০ কিলোমিটার গতিতে বল করে আধুনিক টি-টোয়েন্টিতে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই।’
কলম্বোতে টস জিতে গতকাল ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। জবাবে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: