[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী ম্যাচেই বাবর ও শাহিনকে বাদ দিচ্ছে পাকিস্তান!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা বাবর আজম ও আরেক বড় তারকা শাহিন আফ্রিদির ম্লান পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজকে সূত্র জানিয়েছে, সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সে তারা হতাশ।

সূত্রগুলোর দাবি, নামিবিয়ার বিপক্ষে ম্যাচে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে বেঞ্চে বসানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে দলে দুই থেকে তিনটি পরিবর্তন আসতে পারে। ম্যানেজমেন্ট বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়ে নিজেদের প্রমাণ করার সুযোগ দিতে চায়।

পরবর্তী ম্যাচের প্রস্তুতি এরই মধ্যে শুরু করেছে পাকিস্তান। মেন ইন গ্রিনদের মুখপাত্র জানিয়েছেন, খেলোয়াড়রা আজ (১৬ ফেব্রুয়ারি) বিশ্রামে থাকবেন।

২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের জন্য নামিবিয়ার বিপক্ষে বুধবারের (১৮ ফেব্রুয়ারি) ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার এইট পর্বে উঠতে জয় প্রয়োজন তাদের। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও তারা পরের পর্বে যেতে পারবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ব্যাট ও বল—দুই বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সের পরই এই পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে। স্পিন সহায়ক উইকেটে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও কৌশল ভেস্তে যায়। ঈশান কিশানের ঝড়ো অর্ধশতকে ভারত পাঁচ উইকেটে ১৭৫ রান তোলে।

যে স্পিন আক্রমণের ওপর পাকিস্তান ভরসা রেখেছিল, তা খুব একটা সফল হয়নি। আবরার আহমেদ তিন ওভারে ৩৮ রান দেন, আর শাদাব খান এক ওভারে ১৭ রান দিলেও কেউ উইকেট নিতে পারেননি।

অধিনায়ক সালমান আলী আগা পরে এটিকে 'অফ-ডে' বলে মন্তব্য করেন। শাহিন আফ্রিদি দুই ওভারে ৩১ রান দিয়ে এক উইকেট নেন। জবাবে রান তাড়ায় নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ইনিংসের শুরুতেই ধস নামার পর ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর