[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত ম্যাচের পর পাকিস্তানের ড্রেসিং রুমে কী ঘটেছিল, জানালেন কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে যেন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না পাকিস্তান। একপাক্ষিক লড়াইয়ে একের পর এক ম্যাচ জিতেই চলেছে ভারত। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) টিম ইন্ডিয়ার কাছে কোনো পাত্তাই পায়নি পাকিস্তান। ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে মেন ইন গ্রিনরা। এমন হারের পর ড্রেসিং রুমের অবস্থাও যে খুব একটা ভালো থাকবে না, সেটাই স্বাভাবিক।

পাকিস্তানের কোচ হিসেবে ভারতের কাছে মাইক হেসনের এটি টানা চতুর্থ পরাজয়। গত বছর এশিয়া কাপেও টানা তিন ম্যাচে হেরেছিল পাকিস্তান। দলটির কোচ মাইক হেসন বলেছেন, ‘এই মুহূর্তে ড্রেসিং রুমে বেশ হতাশা বিরাজ করছে। কারণ তারা জানে পাকিস্তানের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি এটা অনেক বড় ইভেন্ট। এই ম্যাচের আগে আমরা পাঁচটি ম্যাচ জিতেছি। তাই আমরা আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু আজ আমরা হেরেছি।’

কলম্বোতে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ওভারে উইকেট হারালেও ইশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা হয় একেবারে যাচ্ছে তাই। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের হাল ধরেন বাবর আজম ও উসমান খান। পঞ্চম ওভারে দলের বিপদ আরও বাড়িয়ে দেন বাবর। দলীয় ৩৪ রানের মাথায় অক্ষর প্যাটেলের বলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ৭ বলে ৫ রান করা এই ব্যাটার। উসমান খান ফেরেন ৩৪ বলে ৪৪ রান করে। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ১১৪ রানেই গুটিয়ে যায় সালমান আঘার দল।

কলম্বোতে এর আগের তিন ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল। আর সেই মাঠেই টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। হেসন বলেন, ‘আমার মনে হয় বল শুরুতে বেশ ঘুরছিল এবং আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমার মনে হয়, কিশান যেভাবে খেলেছে, তাতে সে আমাদের কাছ থেকে সে খেলা কেড়ে নিয়েছে।’

পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে সুপার এইটে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। হেসন বলেন, ‘আমাদের নিজেদেরকে সামলাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, আমরা দুই বা তিন দিনের মধ্যে খুব ভালো করতে পারি। এই বিশ্বকাপের আগে আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। তাই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর