বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা
চলমান টি-২০ বিশ্বকাপের মাঝপথেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের ডেথ ওভার স্পেশালিস্ট ও সর্বোচ্চ গতির পেসার মাথিশা পাথিরানা কাফ মাংসপেশির চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। সুপার এইট পর্বের আগে তার এই অনুপস্থিতি লঙ্কান শিবিরে বড় উদ্বেগ তৈরি করেছে। খবর ইন্ডিয়ান টুডের
পাথিরানার ছিটকে যাওয়ার বিষয়টি সরাসরি ঘোষণা না দিলেও কার্যত নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কনসালট্যান্ট বিক্রম রাঠোর। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বিশ্বাস তাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য আনফিট ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও খুব দ্রুতই সেটি জানানো হবে। বদলি খেলোয়াড় নিয়েও আলোচনা চলছে।
গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই চোট পান পাথিরানা। পাল্লেকেলে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় ওভারে নিজের প্রথম স্পেলের চতুর্থ বল করার পর ফলো থ্রুতে হঠাৎ থেমে গিয়ে বাঁ পা চেপে ধরে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার করা ওভারের বাকি দুই বল শেষ করেন অধিনায়ক দাসুন শানাকা। এরপর পুরো ইনিংসে আর মাঠে নামতে পারেননি লঙ্কান এই পেসার।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার কাফ মাংসপেশিতে চোট লেগেছে এবং সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারছেন না তিনি।
তবে এই চোটে আইপিএল নিয়ে বড় শঙ্কা তৈরি হয়নি। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে তার। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি তাকে প্রায় ১৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।
ইতোমধ্যে তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। যদিও পাথিরানার পরিবর্তে কাকে নেয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী সম্ভাব্য বদলি হিসেবে বিবেচনায় আছেন দিলশান মদুশান, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা। এদের মধ্য থেকেই একজনকে দ্রুত দলে যুক্ত করা হতে পারে।
আগামী ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্বে যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে লঙ্কানরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: