[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস

পাকিস্তানকে ৫৬ রানে গুটিয়ে বিশাল জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২ পিএম

টি-টোয়েন্টি ম্যাচ, তবুও ইকোনমি দুইয়ের নিচে রেখে ৩ উইকেট শিকার করলেন সানজিদা আকতার মেঘলা। ইকোনমি তিনের নিচে রেখেছেন ফাতেমা জাহান আর ফাহিমা খাতুনরাও।

তাতে পাকিস্তানকে ৫৬ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ নারী ‘এ’ দল। মাত্র ১১০ রান করেও নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫৪ রানের জয় দিয়ে বাংলাদেশ পৌঁছে গেল ফাইনালে।

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। সেখানে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত। রোববার দুপুর একটায় মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশের দেয়া ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও ২৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবার ধাক্কা খায় দলটি। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের ২০ বল আগেই ৫৬ রানে গুটিয়ে যায় দলটি। দলের হয়ে ১৫ রানও স্পর্শ করতে পারেননি কোনো ব্যাটার। দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মাত্র ৩ ব্যাটার।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল মেঘলা। ৩ ওভার ৪ বলে মাত্র ৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ৩ ওভারে সমান রান দিয়ে ২ উইকেট ফাহিমা খাতুনের। একটি করে উইকেট নিয়েছেন ফাতেমা জাহান, ফারজানা ইয়াসমিন ও ফারিহা তৃষ্ণা।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে বাংলাদেশ। দলের প্রথম তিন ব্যাটার ইশমা তানজিম, শামিমা সুলতানা ও শারমিন সুলতানা যথাক্রমে ১২, ১৩ ও ১৫ রান করে আউট হন। তবে চারে নামা ব্যাটার ফাহিমা খাতুন ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। তাতে ১১০ রানের সংগ্রহ পায় বাংলার বাঘিনীরা। আকাঙ্ক্ষিত রান করতে না পারলেও এতেই শেষ পর্যন্ত বড় জয় আসে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর