আইপিএল মাথায় রেখেই দ. আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী ১৫ থেকে ২৫ মার্চ অনুষ্ঠিতব্য এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশাভ মহারাজ।তথ্য ক্রিকবাজের।
ঘোষিত দলে রয়েছেন পাঁচজন অনভিষিক্ত ক্রিকেটার। আইপিএলে অংশ নিতে যাওয়া কোনো খেলোয়াড়কে রাখা হয়নি স্কোয়াডে। নতুন মুখদের মধ্যে আছেন ব্যাটার কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারমান এবং অলরাউন্ডার ইথান বশ।
এছাড়া এসএ২০ টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্সের পর ১৯ বছর বয়সী পেসার নকোবানি মোকোয়েনাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্ল রয়্যালসের হয়ে তিনি ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। তার ইকোনমি রেট ছিল ৯.৬২।
এই সফরের দলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে আছেন মাত্র তিনজন—মহারাজ, জর্জ লিন্ডে ও জেসন স্মিথ। পেসার জেরাল্ড কোয়েটজি গত বছরের অক্টোবরে নামিবিয়ার বিপক্ষে খেলার পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ডান হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ব্যাটার টনি ডি জর্জিও দলে ফিরেছেন।
পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হ্যামিল্টন, অকল্যান্ড, ওয়েলিংটন (স্কাই স্টেডিয়াম) ও ক্রাইস্টচার্চে।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল:
কেশাভ মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ইথান বোশ, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডে, নকোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: