[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃষ্টিতে পণ্ড পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, সেমির জটিল সমীকরণের সামনে দু’দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

বৃষ্টি যেন শুরু থেকেই ম্যাচটির ওপর ছায়া ফেলে রেখেছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো, কলম্বোয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি এক বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দু’দলকেই এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

সুপার এইটের সূচনা ম্যাচ হিসেবে লড়াইটিকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। শক্তিশালী দু’দলের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে ম্যাচ শুরুর আগেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, আর নির্ধারিত সময়ের আগেই কলম্বোয় নেমে আসে ভারী বর্ষণ।

টস অনুষ্ঠিত হলেও এরপর আর এগোনো যায়নি। টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু টসের সময়ই বৃষ্টি শুরু হয়। দ্রুতই মাঠ ঢেকে ফেলা হয় কভার দিয়ে। শুরুতে ধারণা করা হয়েছিল, হয়তো কিছুটা বিলম্বের পর খেলা শুরু করা যাবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে।

দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। নিয়ম অনুযায়ী অন্তত পাঁচ ওভারের ম্যাচ সম্পন্ন করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু করা প্রয়োজন ছিল। সেই সময়সীমা পার হয়ে গেলেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

অবশেষে ম্যাচ অফিসিয়ালরা বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এতে করে দু’দলই একটি করে পয়েন্ট পায়। সুপার এইটের মতো প্রতিযোগিতামূলক পর্বে প্রতিটি পয়েন্টের গুরুত্ব অনেক বেশি। তাই শুরুতেই পূর্ণ দুই পয়েন্ট না পাওয়া দু’দলের জন্যই কিছুটা হতাশার।

নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আক্ষেপ লুকাতে পারেননি। সুপার এইট পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড দু’দলকেই এখন কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে। পাকিস্তানের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কা। একই প্রতিপক্ষের বিপক্ষেই খেলবে কিউইরাও।

বিশ্বকাপের মতো বড় আসরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দর্শক-সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দু’দলের সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় ম্যাচটি ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে আবহাওয়ার কাছে শেষ পর্যন্ত অসহায়ই থাকতে হলো ক্রিকেটার ও আয়োজকদের।

এখন সুপার এইটের পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে সেমিফাইনালের পথে কারা এগিয়ে থাকবে। শুরুতেই পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর