নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। গ্রুপপর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
গত জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাপর্বে সবগুলো ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে এবারের লড়াই বেশ কঠিন হতে যাচ্ছে টাইগ্রেসদের জন্য। গ্রুপ পর্বে এক নেদারল্যান্ডস ব্যতীত বাকি সব দলই পরিসংখ্যান এবং শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে এজবাস্টনে। ১৭ জুন হেডিংলিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০ জুন হ্যাম্পশায়ার বোলে পাকিস্তানের বিপক্ষে এবং ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে মাঠে নামবেন নিগার সুলতানারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ জুন, লর্ডসে।
ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। মোট ১২ দল নিয়ে হবে মেগা এই আসর। র্যাঙ্কিং থেকে বিশ্বকাপে জায়গা পেয়েছে ৮ দল। বাকি ৪ দল এসেছে বাছাইপর্ব থেকে। বাংলাদেশ ছাড়া বাকি ৩ দল হলো- আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: