[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাঁচা-মরার ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের সাহায্য নিল ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সন্ধ্যার ম্যাচগুলোতে শিশির বড় কোনো প্রভাব ফেলেনি। তবে চেন্নাইয়ে তাপমাত্রা বাড়তে থাকায় ভারত-জিম্বাবুয়ে সুপার এইটের ‘মাস্ট-উইন’ ম্যাচে বিষয়টি চিন্তার কারণ হয়ে উঠতে পারত। যদিও এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে এ নিয়ে আগেভাগেই সমাধান প্রস্তুত রেখেছে ভারতের তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ)।

টুর্নামেন্টের আগে চেন্নাইয়ের চিপকের আউটফিল্ড নতুন করে বসানোর সময় যুক্তরাষ্ট্র থেকে ‘ডিউ কিওর’ নামের একটি বিশেষ রাসায়নিক আমদানি করে টিএনসিএ। মেজর লিগ বেসবলের ভেন্যুগুলোতেও এই রাসায়নিক ব্যবহৃত হয়।

গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে মাঠকর্মীরা ম্যাচের আগের দুই দিন পানি মিশিয়ে আউটফিল্ডে এই রাসায়নিক স্প্রে করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলেও একই কাজ পুনরায় করার কথা রয়েছে, যাতে ম্যাচ চলাকালীন শিশির কোনো প্রভাব ফেলতে না পারে। বলে রাখা ভালো, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে জিম্বাবুয়ে-ভারত ম্যাচ।

পুরো প্রক্রিয়ার সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে, ‘ডিউ কিওর স্প্রে করার পর ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না। ভিজে গেলেও তা দ্রুত শোষিত হয় এবং ঘাস শুকনো থাকে।’

ভারতীয় দল মঙ্গলবার ও বুধবার দু’দিনই চিপকে অনুশীলন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিশিরমুক্ত পরিস্থিতি নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট।

এদিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেমিফাইনাল ও ফাইনালেও একই পদ্ধতি ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব হিসেবে পরিচিত চিপকের উইকেট এবার ব্যাটিং স্বর্গে পরিণত হয়েছে। পেসারদের জন্য উইকেট ও নিয়ন্ত্রণ; দুই দিক থেকেই সহায়তা এখনো পর্যন্ত কম।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর