[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের বিপক্ষে হারের ম্যাচে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০২ পিএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত দল হিসেবে পা রেখেছিল সুপার এইটে। তবে টানা দুই হারে সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে তাদের। দলের বিদায় নিশ্চিত হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানে হেরে যায় জিম্বাবুয়ে। সূর্যকুমার যাদবদের ২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৪ রানে। ম্যাচে ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন রাজা। এই ইনিংসের মধ্য দিয়ে ব্যক্তিগত অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী রাজা। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ব্যাটার ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চসহ আরও অনেক তারকা ব্যাটার।

এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ৩০১৬ রান সংগ্রহ করেছেন রাজা। তার গড় ২৬.২২ এবং স্ট্রাইক রেট ১৩৬.২৮। রয়েছে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি। এছাড়া বোলিংয়ে তার ঝুলিতে রয়েছে ১০৪টি উইকেট। এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেটের বিরল এক ডাবলের কীর্তি গড়লেন রাজা।

রাজার আগে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী ক্রিকেটার ১১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। এদিকে সদ্য হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এক নম্বর অবস্থানে ফিরে এসেছেন রাজা। মানে দিনকে দিন তিনি যে বৈশ্বিক কিংবদন্তিতে পরিণত হচ্ছেন, তা না বললেও চলে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর