[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তানকে বাঁচিয়ে ওয়াটসনকে ছুঁয়ে ফেললেন জ্যাকস, সামনে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

নিউজিল্যান্ডের কাছে সুপার এইটের ম্যাচে হারতেই বসেছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে দলের ত্রাণকর্তা হয়ে হাজির হন উইল জ্যাকস। তার কার্যকর ব্যাটিংয়ে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাঁচায় সেমিফাইনালে পাকিস্তানের খেলার আশা। তবে শুক্রবারের (২৭ ফেব্রুয়ারি) ম্যাচেই শুধু নয়। জ্যাকস এবারের বিশ্বকাপ জুড়েই দলকে বাঁচিয়ে যাচ্ছেন। গতকালসহ হয়েছেন চারবার ম্যাচসেরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ জয়ের ক্ষেত্রে যেটি রেকর্ড। জ্যাকস ভাগ বসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের ১৪ বছর পুরোনো রেকর্ডে। তথ্য জিও সুপারের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল চার ওভারে ২৩ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। পরে ব্যাট হাতে ১৮ বলে অপরাজিত ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন এই ডানহাতি ক্রিকেটার।এর আগে তিনি নেপাল, ইতালি ও শ্রীলঙ্কার বিপক্ষেও এই সম্মান অর্জন করেন। ফলে এক আসরে চারবার ম্যাচসেরা হওয়ার কীর্তিতে তিনি এখন ওয়াটসনের পাশে।

ওয়াটসন ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চারবার ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন।

চলতি আসরে ইংল্যান্ডের সাফল্যে বড় ভূমিকা রাখছেন ২৭ বছর বয়সী জ্যাকস। সাত ইনিংসে তিনি ১৯১ রান করেছেন ৬৩.৬৬ গড় ও ১৭৬.৮৫ স্ট্রাইক রেটে, যার মধ্যে রয়েছে একটি অর্ধশতক। পাশাপাশি বল হাতে নিয়েছেন সাতটি উইকেট; গড় ২২.১৪। তার সেরা বোলিং ৩/২২, যা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে করেছিলেন।

উল্লেখ্য, সুপার এইটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টে জ্যাকসের সামনে রয়েছে সর্বোচ্চ আরও দুটি ম্যাচ। ফলে এক আসরে সর্বাধিক ম্যাচসেরা জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও থাকছে তার সামনে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর