[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। খবর জিও নিউজের।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে শ্রীলঙ্কার হতাশাজনক পারফরম্যান্সের পরই এই সিদ্ধান্তের ঘোষণা আসে। টুর্নামেন্টে সুপার এইটস পর্ব পেরোতে ব্যর্থ হয় লঙ্কানরা।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পাঁচ রানের হারে বিদায় নিশ্চিত হওয়ার পর জয়াসুরিয়ার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি আগে থেকে শ্রীলঙ্কা ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জয়াসুরিয়া জানান, বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত ছিল। তবে মার্চ ১৩ থেকে শারজাহতে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ তিনি দায়িত্ব পালন করতে পারেন বলেও সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জয়াসুরিয়ার যাত্রা শুরু হয় এবং শুরুতেই আসে ঐতিহাসিক সাফল্য। তার অধীনে ২০২৪ সালের আগস্টে ভারত সফরে ২৭ বছর পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করে শ্রীলঙ্কা।

এরপর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে স্মরণীয় টেস্ট জয় এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। এসব সাফল্যের পর ২০২৪ সালের ১ অক্টোবর তাকে পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ‘জয়াসুরিয়া প্রভাব’ ম্লান হয়ে যায়। তার দায়িত্বকালের শেষভাগ জুড়ে আসে একের পর এক ব্যর্থতা ও হতাশাজনক ফলাফল।

বিশ্বকাপ থেকে বিদায় ছিল সেই ধারাবাহিক ব্যর্থতারই পরিণতি। ২০২৫ এশিয়া কাপে মাঝারি মানের পারফরম্যান্স এবং গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় দলটির প্রস্তুতি নিয়েও প্রশ্ন ওঠে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর