[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত হলে যেভাবে নির্ধারণ হবে সেমিফাইনালিস্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘কোয়ার্টার ফাইনাল’ নামে আলাদা কোনো ধাপ নেই। তবে কলকাতার ইডেন গার্ডেনে আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটিকে কার্যত কোয়ার্টার ফাইনালই বলা যায়।

সুপার এইটের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নকআউট লড়াইয়ে। যে দল জিতবে, সেই দলই জায়গা করে নেবে সেমিফাইনালে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

সমীকরণটা সহজ হলেও আছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। আবহাওয়া কিংবা অন্য কোনো কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে বা ফল নির্ধারণ সম্ভব না হলে নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে। সে ক্ষেত্রে ঘরের মাঠে খেলেও সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে ভারতকে।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথম দল হিসেবে টানা দুইবার এবং সব মিলিয়ে রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। তবে সেই লক্ষ্য পূরণে আজ জিততেই হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলকে।

ইডেন গার্ডেনের সাম্প্রতিক উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক বলেই পরিচিত। বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের আক্রমণাত্মক ব্যাটিং লাইনআপের দিকে তাকালে তা আরও স্পষ্ট। ভারতের হয়ে ইনিংসের গতি বাড়াতে সক্ষম অভিষেক শর্মা সাম্প্রতিক সময়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ার আছেন দুর্দান্ত ছন্দে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট মনে করেন, সাহসী ব্যাটিংই হতে পারে সাফল্যের চাবিকাঠি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, উইকেট খুব ভালো দেখাচ্ছে এবং বড় রানের ম্যাচই হওয়ার সম্ভাবনা বেশি। ব্যাটসম্যানদের উচ্চ স্ট্রাইক রেট ধরে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত একই তালে খেলতে হবে।

ওয়েস্ট ইন্ডিজও সমান আত্মবিশ্বাসী। নেট রান রেটে এগিয়ে থাকায় পরিত্যক্ত ম্যাচ তাদের জন্য সুবিধাজনক হলেও ক্যারিবীয়রা জয় দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। তাদের শক্তিশালী মিডল অর্ডার ও পাওয়ার হিটাররা ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম।

সব মিলিয়ে ইডেনে আজকের লড়াইটি শুধু একটি ম্যাচ নয়, বরং সেমিফাইনালের টিকিটের জন্য সরাসরি দ্বৈরথ। আক্রমণাত্মক ব্যাটিং, উচ্চ স্কোর আর চরম উত্তেজনার এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। এখন দেখার বিষয়, শেষ হাসি হাসবে কারা ভারত, নাকি ওয়েস্ট ইন্ডিজ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর