[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সেমিফাইনালের জন্য ১০ সদস্যের দল ঘোষণা করল আইসিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ ২০:০৩ পিএম

গ্রুপ পর্ব ও সুপার এইটের লড়াই শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষ চারে। আর মাত্র তিনটি ম্যাচ, দুই সেমিফাইনাল ও একটি ফাইনাল, তারপরই নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন। এই গুরুত্বপূর্ণ পর্ব শুরুর আগে সেমিফাইনালের দুটি ম্যাচের জন্য ১০ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলতি আসরে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল গ্রুপ ও সুপার এইট পর্বে দায়িত্ব পালন করলেও সেমিফাইনালের তালিকায় তাদের রাখা হয়নি। নকআউট পর্বে সাধারণত আইসিসি অভিজ্ঞ ও নিরপেক্ষ আম্পায়ারদেরই দায়িত্ব দেয়।

বুধবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে। সেখানে মুখোমুখি হবে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা একপেশে জয় পেয়েছিল, তবে নকআউট ম্যাচের সমীকরণ সবসময়ই আলাদা।

এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার রড টাকার। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ভারতের সাবেক পেসার জাভাগল শ্রীনাথ।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। ২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালেও এই দু’দল লড়েছিল, ফলে ম্যাচটি ঘিরে উত্তেজনা আরও বেশি।

এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্রেফেনি ও দক্ষিণ আফ্রিকার আলাউদ্দিন পালেকার। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্ট এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ প্রশাসক অ্যান্ডি পাইক্রফট।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর