[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

‘মন্দভাগ্য’ হওয়ায় ফাইনালের আগে এবার হোটেল পরিবর্তন করল ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও টিম ম্যানেজমেন্ট। ‘মেন ইন ব্লু’দের তৃতীয় টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখানে জ্যোতিষ বা সৌভাগ্যের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

ভারতীয় সাপোর্ট স্টাফের এক প্রভাবশালী সদস্য দল যে শহরেই খেলতে গিয়েছে, সেখানকার ধর্মীয় স্থানে গিয়ে আশীর্বাদ নিয়েছেন। একইভাবে, সেমিফাইনালের আগে মুম্বাইয়ে ভারতীয় দলের অনুশীলন সেশন ৪৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছিল, যাতে চন্দ্রগ্রহণের ‘অশুভ প্রভাব’ এড়িয়ে যাওয়া যায়।

ফাইনালের আগে আহমেদাবাদে দলের হোটেলও পরিবর্তন করেছে বিসিসিআই। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না, তবে আগের হোটেলে থাকার সময় ভারত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছিল; ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ। তাই ভাগ্য দেবী যেন এবার ভারতের দিকে হাসেন, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এনডিটিভি।

ফাইনালে কি লাল মাটির পিচে খেলবে ভারত?
দুই সপ্তাহ আগে আহমেদাবাদেই কালো মাটির পিচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ফাইনালে লাল মাটির পিচ বেছে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিন ধরনের পিচ রয়েছে; লাল মাটি, কালো মাটি এবং দুই মাটির মিশ্রণ। অন্যদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুধুই লাল মাটির পিচ থাকে, যেখানে ভারতীয় ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। সেই অভিজ্ঞতা থেকেই লাল মাটির পিচের দিকেই ঝুঁকতে পারে দল।

স্টেডিয়ামের একটি নির্দিষ্ট পিচ স্থানীয় কিউরেটররা বিশেষভাবে পরীক্ষা করে দেখেছেন। এমনকি বিসিসিআইয়ের সিইও হেমাং আমিনকেও সেখানে পর্যবেক্ষণ করতে দেখা গেছে। পরে সেই পিচটি ঢেকে দেয়া হয় এবং পাশের চারটি পিচও ঘিরে রাখা হয়।

ফাইনালের আগে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান
ফাইনাল ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শকের সামনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন পুয়ের্তো রিকোর গ্র্যামি জয়ী গায়ক রিকি মার্টিন, ‘ডান্ডিয়া কুইন’ ফাল্গুনি পাঠক এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সুখবিন্দর সিং।


ফাইনাল ঘিরে বিশেষ ট্রেন সার্ভিস
ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদে যাওয়ার জন্য ভক্তদের চাহিদা বেড়ে যাওয়ায় বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। ম্যাচের দিন মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করা হবে। আহমেদাবাদগামী বিমানভাড়াও ইতোমধ্যে অনেক বেড়ে গেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর