ফাইনালের টিকিট কালোবাজারে, চড়া দাম ১৫ গুণ পর্যন্ত
এক মাসের অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পরই জানা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয়, নাকি নিউ জিল্যান্ডের হাতে উঠবে প্রথম শিরোপা। ফাইনালের এই উন্মাদনায় আকাশ ছুঁয়েছে ম্যাচের টিকিটের দর, হোটেল ভাড়া থেকে যাত্রা পথের ভাড়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ভারতের হয়ে গলা ফাটাবেন লক্ষাধিক দর্শক। এই উন্মাদনার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারি চক্র। মাত্র ২ হাজার রুপি মূল্যের অফিশিয়াল টিকিট এখন কালোবাজারে বিক্রি হচ্ছে ১৫ গুণেরও বেশি দামে।
এবার অনলাইন প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’ অ্যাপের মাধ্যমে বিক্রি হয়েছে ফাইনালের টিকিট। বিপুল চাহিদার মুখে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ১ লক্ষ ৩২ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ৩,৫০০ রুপি মূল্যের টিকিট কালোবাজারে বর্তমানে ৫৪,০০০ রুপিতে বিক্রি হচ্ছে। টিকিট পুনঃবিক্রয়ের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে অগ্রিম পেমেন্টের ভিত্তিতে লেনদেন চলছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ভারতের দর্শকদের। ইতিমধ্যেই আহমেদাবাদ পুলিশ অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে।
শুধুমাত্র টিকিট নয়, আহমেদাবাদের হোটেল ভাড়াতেও লেগেছে আগুনের আঁচ। স্টেডিয়ামের আশেপাশের হোটেলগুলো আগেভাগেই বুক হয়ে গেছে। মুম্বাই-আহমেদাবাদ মহাসড়ক এবং পার্শ্ববর্তী গান্ধীনগরের সাধারণ মানের হোটেল, যেগুলোর ভাড়া সাধারণত ৪ হাজার রুপি, সেগুলো এখন রাত প্রতি ৪০ হাজার রুপি পর্যন্ত দাবি করছে।
দাম বেড়েছে বিমানভাড়ারও— মুম্বাই থেকে আহমেদাবাদের নিয়মিত ৩,০০০-৪,০০০ রুপির ফ্লাইটের টিকিট এখন ১৫,০০০-১৭,০০০ রুপিতে বিক্রি হচ্ছে। কলকাতা থেকে আহমেদাবাদের নিয়মিত ৫,০০০ থেকে ৬,০০০ ফ্লাইটের ভাড়া প্রায় ২০,০০০ রুপিতে পৌঁছেছে।
ফাইনাল ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারত এই ম্যাচে জিতলে প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে এবং প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার রেকর্ড গড়বে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: