বিশ্বকাপের হিসেব মাথায় রেখে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের
লম্বা বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা শেষ হওয়ার পর এখন পুরো মনোযোগ ৫০ ওভারের ক্রিকেটে। সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ—সেই লক্ষ্যেই নতুন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ।
গত কয়েক মাস আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও ক্রিকেটাররা মাঠের বাইরে ছিলেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ এবং বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়েছেন তারা। তবু আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ব্যস্ততার মধ্যে এক ধরনের শূন্যতা ছিল। সেই অপেক্ষার অবসান হচ্ছে পাকিস্তান সিরিজ দিয়ে।
এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ আছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ নয় দলের মধ্যে থাকতে হবে। তাই সামনে থাকা প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের জন্য।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, সামনে থাকা ম্যাচগুলো দলের জন্য বড় সুযোগ। তাঁর মতে, এই বছরে বেশ কিছু ওয়ানডে ম্যাচ রয়েছে বাংলাদেশের সূচিতে এবং সেগুলোর ফলই ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে র্যাঙ্কিং ধরে রাখা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় পাকিস্তানও ৫০ ওভারের ক্রিকেটে নতুনভাবে দল গুছানোর চেষ্টা করছে। এই সিরিজে তারা কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। দলে থাকা ছয় অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে চারজনই টপ অর্ডারের ব্যাটার। এর মধ্যে সাহিবজাদা ফারহানকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, যিনি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন।
তাই অভিজ্ঞতার ঘাটতি থাকলেও পাকিস্তানের নতুন মুখগুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডে বড় কোনো চমক না থাকলেও দীর্ঘদিন পর আবার সুযোগ পেয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন।
ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। তবু স্পিন ভালো খেলতে পারার কারণে তাঁকে আবার দলে ফেরানো হয়েছে। দলের কোচ ফিল সিমন্স মনে করেন, ব্যাটিং অর্ডারের মাঝামাঝি জায়গায় খেললে লিটনের ওপর চাপ কিছুটা কমবে। একই সঙ্গে উইকেটকিপিংয়ের পর বিশ্রামও পেতে পারেন তিনি। এখন তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো ছন্দে ফিরে আসা।
পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর অধিনায়কত্বে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজ জিতেছে পাকিস্তান। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না।
মিরপুরে ম্যাচ মানেই উইকেট নিয়ে আলোচনা। আগের সিরিজে এই মাঠে স্পিনারদের প্রভাব ছিল অনেক বেশি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে বেশির ভাগ ওভারই করেছিলেন স্পিনাররা। এমনকি এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পুরো ইনিংসই স্পিনে শেষ করেছিল।
তবে এবার দুই দলের কোচই জানিয়েছেন, উইকেট আগের তুলনায় কিছুটা ভালো। আবহাওয়ার পূর্বাভাসে আবার বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩–০ ব্যবধানে। এবারও সেই স্মৃতি মনে রেখে মাঠে নামবে স্বাগতিকরা। সিরিজে জয় পেলে ঈদের আগে সেটি দেশের সমর্থকদের জন্য দারুণ আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: