হান্ড্রেডের নিলামে অবিক্রীত রিশাদ, আবরারকে কিনল ভারতীয় মালিকানাধীন দল
৭৫ হাজার পাউন্ডে দ্য হান্ড্রেডে নাম জমা দিয়েছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। টায়ার একের স্পিন বোলারদের ক্যাটাগরি থেকে নাম উঠলে তার প্রতি কেউ আগ্রহ দেখায়নি। এই ক্যাটাগরি থেকে দল পাননি আকিল হোসেন ও জাফের চোহানও।
বাংলাদেশ থেকে মোট ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। রিশাদ ছাড়া অন্য ২২ জন হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।
১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম দেন সাকিব। ভিত্তিমূল্যে রিশাদের স্থান দুইয়ে। বাকিদের সবার ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে। এদের মধ্যে থেকে কেবল মোস্তাফিজ ও রিশাদ নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পান। মোস্তাফিজের নাম এখনও তোলা হয়নি।
রিশাদদের ক্যাটাগরি থেকে দল পেয়েছেন কেবল পাকিস্তানের উসমান তারিক। আশ্চর্য্যের বিষয় হলো আবরার আহমেদের দল পাওয়া। নিলামের দিনক্ষণ ঘনিয়ে আসতে থাকলে গুঞ্জন ছড়ায় যে, আইপিএল-মালিকানাধীন যে ৪টি দল আছে, সেই ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ ও সানরাইজার্স লিডস কোনো পাকিস্তানিকে কিনবে না।
এরপর বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আবরার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। ফ্র্যাঞ্চাইজিটির একক মালিকানা সান গ্রুপের, আইপিএলে যারা সানরাইজার্স হায়দরাবাদ নামে দল চালায়। আবরারকে কিনতে বড় অংকের অর্থ খরচ করেছে তারা। ট্রেন্ট রকেটসকে টেক্কা দিয়ে ৭৫ হাজার পাউন্ডে নাম দেওয়া এই লেগির জন্য ১ লাখ ৯০ হাজার পাউন্ড খরচ করেছে লিডস।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: