এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরছে দ.আফ্রিকা-উইন্ডিজ ক্রিকেট দল
মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের কারণে বিশ্বকাপ মিশন শেষেও দেশে ফিরতে পারছিল না দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কলকাতায় এক সপ্তাহ আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরছেন তারা।
গত ১ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজ আর ৪ মার্চ থেকে কলকাতায় আটকে ছিলেন দুদলের ক্রিকেটারেরা। এর মধ্যে ৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছিল। অবশেষে এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর বাড়ি ফিরছেন তারা। এমনটা নিশ্চিত করেছে, আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বাকি ২৯ সদস্য ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনো ক্রিকেটার আটকে নেই। সকলে দেশে ফিরে গিয়েছেন বা পথে রয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।’
আইসিসি আরও জানিয়েছে, যুদ্ধের মধ্যে ক্রিকেটারদের দেশে ফেরানো সহজ ছিল না। বিবৃতেতি বলা হয়েছে, গোটা সময় ধরে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি ও সরকারি বিমানসংস্থা, চার্টার্ড বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে আইসিসি। যাতে ক্রিকেটারদের দেশে ফেরানোর সময় কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছে। পুরো বন্দোবস্ত হওয়ার পরেই ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের নয় জন ক্রিকেটার বাড়ি ফিরেছিলেন। এবার বাকিরাও ফিরে গিয়েছেন। দুদলের ক্রিকেটারদের কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে বিমান অ্যান্টিগায় যাবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে ইরানের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি দেশে বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে বিশ্বকাপ শেষেও ক্রিকেটারেরা ভারত ছাড়তে পারেননি। জিম্বাবুয়েও দিল্লিতে আটকে ছিল। তবে সেমিফাইনালে বিদায়ের পরের দিনই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। এই ঘটনায় বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সব দলই দেশে ফিরে গেল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: