[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকইনফো অ্যাওয়ার্ডে তাসকিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রতিবছর সেরা পারফরম্যান্সকে অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়। তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা পারফরম্যান্স বাছাই করে তারা। যার মধ্যে রয়েছে টি-টোয়েন্টি লিগের সেরা পারফরম্যান্সও। তাতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে টি-টোয়েন্টি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের জন্য বেছে নেওয়া হয়েছে।

গত বছরের বোলিং নৈপুণ্যের জন্যই ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস ২০২৫ পাচ্ছেন তাসকিন। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তিনি টি–টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন। মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে এটা ছিল সর্বোচ্চ উইকেট শিকারের নজির। আর সেই কীর্তিকেই বছরের সেরা টি-টোয়েন্টি লিগ বোলিং পারফরম্যান্স হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাসকিন সেবার খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে।

ডানহাতি এই পেসার শুরুতেই আঘাত হানেন। লিটন দাসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর ক্রিজ ছেড়ে এগিয়ে আসা ওপেনার তানজিদ হাসানকেও ফেরান। ইনিংসের শেষ দিকে আরও ভয়ংকর ছিলেন তিনি। শেষ ওভারে চার বলের ব্যবধানে তিনটি উইকেট তুলে নিয়ে রেকর্ড সাত উইকেট পূর্ণ করেন। তাসকিনের তাণ্ডবের পরও ঢাকা ক্যাপিটালস ৯ উইকেটে ১৭৪ রান তুলতে সক্ষম হয়।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিতে পেরেছিল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর