[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের বিপক্ষে ম্যাচশেষে মাঠে ও হোটেলে কেঁদেছিলেন মাহমুদউল্লাহ-মুশফিকসহ অনেকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তীরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেই ম্যাচে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়েও ব্যর্থ হন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা। ম্যাচটি জীবনের জন্য বড় একটি শিক্ষা বলে স্বীকার করে নিয়েছেন মাহমুদউল্লাহ। খবর ক্রিকবাজের।

মাহমুদউল্লাহ বলেন, ‘ম্যাচটা ছিল খুবই হৃদয়বিদারক। আমরা মাঠেই কেঁদেছিলাম। হোটেলে ফিরে আবার কেঁদেছিলাম; আমি, মুশফিক, আরও অনেকেই। কারণ আমরা ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি ছিলাম।’

তিনি আরও বলেন, ‘সেদিন আমি ভাবছিলাম শুধু একটা বাউন্ডারি মারলেই জিতব। সত্যি বলতে তখনকার সেই চিন্তাটা ছিল বোকামি।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিল ভারত। অল্প রানে দেশটিকে আটকে দেয়ায় ছিল বাংলাদেশের সম্মিলিত বোলিং শক্তির অবদান। দুইটি করে উইকেট নিয়েছিলেন দুই পেসার আলামিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট ছিল মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও শুভাগত হোমের। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২২ রান দেন মাশরাফি বিন মুর্তজা।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশও। ১৯ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৬ উইকেটে ১৩৬। তার মানে, শেষ ওভারে দরকার ১১ রান, হাতে ৪ উইকেট। স্ট্রাইক প্রান্তে মাহমুদউল্লাহ, অপর প্রান্তে মুশফিক।

প্রথম বলেই ১ রান নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন মাহমুদউল্লাহ। পরের দুই বলে টানা দুইটি চার হাঁকান মুশফিক। তাতে শেষ ৩ বলে দরকার হয় ২ রান। তবে চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন মুশফিক ও মাহমুদউল্লাহ। শেষ বলে শুভাগত হোম রান আউট হলে ১ রানে ম্যাচ জিতে যায় ভারত।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর