সাদাকাতকে ফিরিয়ে ব্রেকথ্রু আনলেন মিরাজ
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের দুই ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের ব্যাটে দারুণ শুরু পেয়েছে সফরকারীরা। শুরু থেকেই বাংলাদেশের পেসারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলেছেন সাদাকাত। মাত্র ৩১ বলে ফিফটির ঘরে পৌঁছান তিনি। তাদের শতরানের জুটি ভাঙেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং আগের ম্যাচে দুর্দান্ত করা নাহিদ রানা; সবার ওভারেই বাউন্ডারি লাইন পার করান সাদাকাত। তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে থাকে পাকিস্তান।
পাকিস্তানের শতরানের আগে বাংলাদেশ কোনো উইকেটের সুযোগ ই পায়নি। নাহিদ রানার ডেলিভারিতে সাহিবজাদা ফারহানের এলবিডব্লিউর আবেদন মেনে আউট দেন আম্পায়ার তানভির আহমেদ।
তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্যাটসম্যান। তাতেই বদলে যায় সিদ্ধান্ত। সাদাকাতের বিপক্ষেও কট বিহাইন্ডের আবেদন করে রিভিউ নেয় বাংলাদেশ। তাসকিনের বল ব্যাটে লাগেনি, তাই রিভিউ হারাতে হয় স্বাগতিকদের।
তবে ১৩তম ওভারের শেষ বলে আর শেষ রক্ষা হয়নি। মিরাজের বলে সহজেই বল তালুবন্দী করেন লিটন দাস।
১৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১১১ রান। সাদাকাত বিদায় নিয়েছেন ৭৫ রানে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: