[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মোস্তাফিজের বিকল্প খুঁজে নিলো কলকাতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

মোস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে নিলো আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। আইপিএল খেলতে পিএসএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই পেসার। ইসলামাবাদ ইউনাইটেড ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছিল তাকে।

ভারতীয় ক্রিকেট কর্তাদের এক সিদ্ধান্তে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্বে। সর্বোচ্চ মূল্যে মোস্তাফিজুরকে দলে ভিড়িয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ফিজের সঙ্গে এমন অন্যায়ের পর ভারতে বিশ্বকাপই বয়কট করে বাংলাদেশ। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাইলেও, সেটাতে রাজি হয়নি আইসিসি। যার প্রেক্ষিতে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের। তবে তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় পাকিস্তানের হস্তক্ষেপে। এক মোস্তাফিজের ঘটনায় এত কিছু হয়ে যায় ক্রিকেট বিশ্ব। গুঞ্জন আছে, তৎকালীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় এমন সিদ্ধান্ত নেয় ভারত।

বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর মোস্তাফিজের বিকল্প ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। ফিজের স্থলাভিষিক্ত করা হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দলে ভেড়ানো নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড দলে নিয়েছিল ব্লেসিং মুজারাবানিকে। আইপিএলে যোগ দিতে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন পিএসএলের সঙ্গে। ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল। আর ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যে কারণে পিএসএলকে বাদ দিয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

মুজারাবানি অবশ্য প্রথম ক্রিকেটার নন, যিনি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। ১০তম পিএসএলে সাউথ আফ্রিকান ক্রিকেটার করবিন বশও পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন। যে কারণে তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নিষেধাজ্ঞা দেয় পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির এমন সিদ্ধান্তের পর তার ওপরও একই ধরনের খড়গ নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কলকাতা অবশ্য তাকে দলে নেয়ার পেছনে মূল্যায়ন করেছে বিশ্বকাপে এই পেসারের বোলিং। ভারতের বিপক্ষেও দুর্দান্ত বল করেন তিনি। ৬ ফুটেরও বেশি লম্বা এই ক্রিকেটার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮০ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেটে। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে শিকার করেছেন ১৩ উইকেট। এবারের আইপিএলে এই পেসারকে দেখা যাবে মোস্তাফিজের বদলে কলকাতার একাদশ মাতাতে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর