[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ১৭:০৩ পিএম

২০১৭ সালে প্রথম ও একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদের নেতৃত্বে ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল তারা। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০০৭ সালে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সরফরাজ। তিন বছর পর ২০১০ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ফলে জুনিয়র ও সিনিয়র দুই পর্যায়ে আইসিসি শিরোপা জেতা একমাত্র পাকিস্তানি অধিনায়কও তিনি।

তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানকে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। তার অধীনে টি-টোয়েন্টিতে একসময় এক নম্বর দল হয় পাকিস্তান। এছাড়া টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ডও গড়েছিল দলটি। সবশেষে ২০২৩ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল সরফরাজকে।

অবসরের ঘোষণায় সরফরাজ বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলা, প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ।’

পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে তার রান ৬,১৬৪। আছে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। উইকেটের পেছনে নিয়েছেন ৩১৫টি ক্যাচ। আর করেছেন ৫৬টি স্টাম্পিং।

ব্যক্তিগত কীর্তিতেও উজ্জ্বল সরফরাজ। ২০১৯ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টে ১০টি ক্যাচ নিয়ে পাকিস্তানের হয়ে রেকর্ড গড়েন তিনি। আর ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে পাকিস্তানের একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে সেই কীর্তি গড়েন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর