মুস্তাফিজের চোট কতটা গুরুতর, জেনে নিন
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। যেখানে শেষ ম্যাচে সফরকারীদের ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে।
গত রোববার (১৫ মার্চ) মিরপুরে ম্যাচের ৪৯তম ওভারে নিজের শেষ ওভার করতে গিয়ে পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির জোরালো শটে বলটি ফিজের হাঁটুতে আঘাত করে। এতে বড় ধরনের চোটের শঙ্কা তৈরি হলেও এই তারকা পেসার গুরুতর কোনো ইনজুরিতে পড়েননি বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, মুস্তাফিজের পায়ে আঘাত পাওয়ার পর প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি এবং বর্তমানে তিনি তেমন কোনো অস্বস্তিতেও ভুগছেন না। ঈদের ছুটি কাটাতে ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায় গেছেন মুস্তাফিজ।
এদিকে, চলতি মাসেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজের, যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। তবে টুর্নামেন্ট চলাকালেই নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হতে পারে তাকে, যা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্রের ওপর।
উল্লেখ্য, শাহিনের জোরালো শটে আঘাত পেয়ে সেদিন মাঠে পড়ে যান মুস্তাফিজ, এমনকি তাকে নিতে স্ট্রেচারও আনা হয়েছিল। তবে সবাইকে অবাক করে আবার উঠে দাঁড়িয়ে নিজের স্পেলের শেষ বলটি করেন এবং সেই বলেই হারিস রউফকে আউট করে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: