নতুন ঠিকানায় সাকিব
বিশ্ব ক্রিকেটে ব্যস্ত সময়ই পার করছেন সাকিব আল হাসান। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়া এই অলরাউন্ডার এবার পা রাখছেন নতুন এক মঞ্চে, খেলবেন সুইডেনের টি-টোয়েন্টি লিগে।
প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি’ নামের এই টুর্নামেন্ট। আর উদ্বোধনী আসরেই সাকিবকে দলে ভিড়িয়েছে উপসালা টাইগার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাকিবকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে উপসালার শিবিরে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ড্রাফটের আগেই সবচেয়ে প্রতীক্ষিত চুক্তি সম্পন্ন করতে পেরে তারা ভীষণ রোমাঞ্চিত। উদ্বোধনী আসরে টাইগার্সদের জার্সিতেই দেখা যাবে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে।
চলতি বছরের গ্রীষ্মেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ১৫ জুন পর্দা উঠবে আসরের, আর ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে সংক্ষিপ্ত এই প্রতিযোগিতা। ইতোমধ্যে সূচির প্রাথমিক খসড়াও প্রকাশ করেছে আয়োজকরা।
টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল।
ছয়টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই আসরে সাকিব ছাড়াও দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটের আরও কিছু পরিচিত মুখ। যাদের মধ্যে রয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: