[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২৮ কোটির দুই ক্রিকেটারকে ম্লান করে দিচ্ছেন ৭৫ লাখের সরফরাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

চলতি আইপিএলে এক কঠিন বাস্তবতা মোকাবেলা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলে একটিতেও পায়নি জয়। ব্যাটে-বলে অবদান রাখতে পারছেন না নিলামে বিপুল অর্থ ব্যয় করে কেনা দুই তারকা কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। অথচ, মাত্র ৭৫ লাখ রুপিতে দলে ভিড়েও এখনো পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল সরফরাজ খান।

এনডিটিভির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩ ম্যাচে ৯৯ রান করে চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক সরফরাজ। ৩৩ গড় এবং ২০২.০৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।টি-টোয়েন্টি ক্রিকেটে যা বেশ নজরকাড়া।

মূলত, লাল বলের ক্রিকেটে দক্ষ হিসেবে পরিচিত হলেও, আইপিএলের মঞ্চে সারফরাজ দেখিয়েছেন তার পরিণত ও আক্রমণাত্মক ব্যাটিং। বিশেষ করে মিডল ওভারে স্পিনের বিপক্ষে তার দাপুটে উপস্থিতি দলকে ভরসা জুগিয়েছে। অনেকের কাছেই তিনি ছিলেন শুধু ব্যাকআপ অপশন, কিন্তু এখন তিনি হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ।

অন্যদিকে, কার্তিক শর্মা ও প্রশান্ত বীরের পারফরম্যান্স নিয়ে বাড়ছে প্রশ্ন। ১৪.২০ কোটি রুপিতে কেনা কার্তিক শর্মা তিন ম্যাচে মাত্র ২৫ রান করেছেন, যা দলের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। একইভাবে, অলরাউন্ডার হিসেবে সমান অঙ্কে কেনা প্রশান্ত বীর এখনও পর্যন্ত একটিও বল করেননি। যদিও দুই ম্যাচে তার ৪৯ রান কিছুটা আশার আলো দেখাচ্ছে, তবে তার সামগ্রিক অবদান এখনো প্রত্যাশার অনেক নিচে।

এই পরিস্থিতি সিএসকের নিলাম কৌশল নিয়েও প্রশ্ন তুলছে। দুই খেলোয়াড়ের পেছনে ২৮.৪ কোটি রুপি ব্যয় করে দল নিজেদের বিকল্প কমিয়ে ফেলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। টুর্নামেন্ট যত এগোবে, ততই কোচিং স্টাফের ওপর চাপ বাড়বে। বিশেষ করে প্রশান্ত বীরকে বোলিংয়ে ব্যবহার করা কিংবা দলগত কম্বিনেশন নতুন করে সাজানোর বিষয়ে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর