[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রিশাদের আরও একটি বিবর্ণ দিন, টানা চতুর্থ হার রাওয়ালপিন্ডিজের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ ১০:০৪ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুঃসময় যেন কাটছেই না রিশাদ হোসেন এবং তার দল রাওয়ালপিন্ডিজের। টানা চতুর্থ ম্যাচেও হারের মুখ দেখেছে দলটি। সোমবার (৬ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের কাছে ৭ উইকেটে হেরে আরও চাপে পড়ে তারা। আসরের চার ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি রাওয়ালপিন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি রাওয়ালপিন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান ওপেনার ইয়াসির খান। এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিং লাইনআপে কেউই বড় ইনিংস খেলতে না পারায় চাপে পড়ে দলটি। মাঝের দিকে কামরান গোলাম কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ২৪ বলে ৩৫ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ম্যাচে প্রভাব বিস্তার করেন ফয়সাল আকরাম।

এরপর দ্রুতই ফিরে যান ড্যারেল মিচেল। ১৭ রান করা এই কিউই ব্যাটার ফয়সালের বলেই ক্যাচ তুলে দেন। ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন ডিন ফক্সক্রফট। তবে ১১ বলে ২৪ রান করে পিটার সিডলের শিকার হন তিনি। অন্যদিকে, ব্যাট হাতে আবারও ব্যর্থ হন রিশাদ হোসেন। ৩ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত স্যাম বিলিংসের অপরাজিত ৫৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালপিন্ডিজ।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্টিভ স্মিথের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় মুলতান সুলতান্স। ওপেনিং জুটিতে দারুণ ব্যাটিং করেন সাহিবজাদা ফারহান ও জস ফিলিপস। ফারহান ৩৮ বলে ৬৮ এবং ফিলিপে ৩০ বলে ৫৬ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তাদের বিদায়ের পর শান মাসুদ ও অধিনায়ক অ্যাস্টন টার্নার অনায়াসেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৬.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুলতান।

ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয় রিশাদ হোসেনের ব্যর্থ বোলিং। প্রথম ওভারে নিয়ন্ত্রিত বোলিং করলেও পরের ওভারগুলোতে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে সাহিবজাদা ফারহানের কাছে টানা তিনটি ছক্কা হজম করেন রিশাদ। ওই ওভারে চারটি ছক্কায় ২৬ রান দেন তিনি। পরের ওভারেও ছক্কার আঘাত থেকে রেহাই পাননি; অ্যাস্টন টার্নার ও শান মাসুদ তাকে টানা আক্রমণ করেন। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট ছাড়াই মাঠ ছাড়তে হয় এই লেগস্পিনারকে।

মাঝের ওভারগুলোতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল রাওয়ালপিন্ডিজ। মোহাম্মদ আমির ও আমির খানের জোড়া আঘাতে ফারহান ও ফিলিপে আউট হলে ম্যাচে ফেরার আভাস পায় দলটি। কিন্তু রিশাদের ওভারগুলোতেই ম্যাচের গতি পুরোপুরি মুলতানের দিকে ঝুঁকে পড়ে।

এই হারের ফলে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়েছে রাওয়ালপিন্ডিজ। টানা চার ম্যাচে পরাজয় দলটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্রুত ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর