করোনার ভ্যাকসিনের কারণে মৃত্যু হয়েছে ওয়ার্নের, দাবি ছেলের
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার ছেলে জ্যাকসন ওয়ার্ন দাবি করেছেন, কোভিড-১৯ ভ্যাকসিন তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।
২০২২ সালে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। সে সময়ের সরকারি ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি স্বাভাবিক কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে সম্প্রতি এক পডকাস্টে জ্যাকসন ওয়ার্ন বলেন, ‘আমি নিশ্চিতভাবেই মনে করি ভ্যাকসিন এর সঙ্গে (বাবার মৃত্যুর) জড়িত ছিল, এবং এখন এটি বলা আর বিতর্কিত নয়।’ তার দাবি, যদি তার বাবার কোনো অন্তর্নিহিত শারীরিক সমস্যা থেকেও থাকে, ভ্যাকসিন সেটিকে বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, বাবার মৃত্যুর খবর শোনার পরপরই তিনি সরকার, কোভিড-১৯ এবং ভ্যাকসিনকে দায়ী করেছিলেন। এমনকি রাষ্ট্রীয় স্মরণসভায়ও তিনি এই অভিযোগ প্রকাশ করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা থেকে বিরত থাকেন।
বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন জ্যাকসন। তিনি স্বীকার করেন যে শেন ওয়ার্ন ধূমপান ও মদ্যপান করতেন। তবে এটিকে তিনি সাধারণ অভ্যাস হিসেবেই দেখেন। তার মতে, ‘অনেক মানুষই এসব অভ্যাস নিয়েও দীর্ঘদিন বেঁচে থাকেন। আমার কাছে মনে হয়েছে, বাবা তখন ভালো অবস্থায়ই ছিলেন।’
ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, তার বাবা তিন বা চারটি ডোজ নিয়েছিলেন, যদিও তিনি নিজে তা নিতে খুব আগ্রহী ছিলেন না। কাজের প্রয়োজনে বাধ্য হয়েই তাকে টিকা নিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, শেন ওয়ার্ন তার ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট ও ১৯৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০১টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৭০৮, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: