মুশফিকের ওয়ানডেতে ফেরার গুঞ্জন, মুখ খুললেন কোচ সিমন্স
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়ান মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানান তিনি। জাতীয় দলকে বিদায় জানালেও ঘরোয়া লিগে দুই ফরম্যাটেই নিয়মিত খেলছেন এই অভিজ্ঞ উইকেটকিপার।
সম্প্রতি গুঞ্জন উঠেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়ায় আবারও ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এখন বেশ তুঙ্গে। এর মধ্যেই মুশফিকের ওয়ানডে দলে ফেরা প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।
বুধবার (১৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগার প্রধান কোচ ফিল সিমন্স বলেন, 'মুশফিক সিদ্ধান্ত নিয়েছে যে সে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। সে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে, যা দারুণ অর্জন। ভবিষ্যতে কী হয় তা দেখা যাবে।'
মূলত ওয়ানডেতে মিডল অর্ডারে ধারবাহিক রান পাচ্ছেন না কেউ। এ কারণেই মুশফিককে ফেরানোর গুঞ্জন উঠেছে। দলের মিডল অর্ডার নিয়ে সিমন্স বলেন, 'আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ অর্ডার থেকে শুরু করে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। শেষ ১০ ওভারে আমরা ভালো করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা ৮০ রান তুলেছিলাম।'
সবশেষ সিরিজে বেঞ্চে থাকা সৌম্য সরকারকে নিয়ে বলেন, 'সৌম্য চমৎকার খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ভালো খেলেছিল। কিন্তু মাঝে সে অনেক ক্রিকেট মিস করেছে এবং যারা তার জায়গায় খেলেছে তারা ভালো করেছে। তাই তাকে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।'
'আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করে। কিন্তু যখন তারা এখানে আসে, তাদের বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, ঘরোয়া ক্রিকেটে কী করেছেন তা নয়।'
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: