[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অভিজ্ঞ বাংলাদেশের সামনে তারকাহীন নিউজিল্যান্ড: দুই দলের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৭ এপ্রিল) ঘরের মাঠে অনভিজ্ঞ কিউইদের আতিথ্য দেবে অভিজ্ঞ বাংলাদেশ। নিউজিল্যান্ডের একাধিক তারকা খেলোয়াড় আইপিএল ও পিএসএল খেলতে ব্যস্ত থাকায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা।

চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলা একাদশের আটজন ক্রিকেটারকে আজ বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে না নিউজিল্যান্ড। ফলে নতুনদের নিয়ে গড়া এই দলটির আন্তর্জাতিক চাপ সামলানোর সুযোগ হিসেবে দেখছেন দলের কোচ রব ওয়াল্টার।

অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। গত মাসে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান। পাশাপাশি নাহিদ রানা ও তাসকিন আহমেদ বল হাতে ম্যাচ জেতানো ভূমিকা রাখেন।

তবে বাংলাদেশের মিডল অর্ডার এখনো কিছুটা অনিশ্চয়তায় রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ভূমিকা পরিষ্কার নয়। পাশাপাশি সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও বড় ইনিংস প্রত্যাশা করা হচ্ছে। বোলিং বিভাগে তাসকিন, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানের গতি দলের বড় শক্তি। সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন ভিন্নতা এনে দিচ্ছেন। শুক্রবারের ম্যাচে গতি, স্পিন ও গরম আবহাওয়ার সঙ্গে নিউজিল্যান্ড কীভাবে মানিয়ে নেয়, সেটিও সিরিজের বাকি অংশের ইঙ্গিত দেবে।

সম্ভাব্য একাদশে পাকিস্তানের বিপক্ষে খেলা একই দলই নামাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে বাইরে থাকতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে নিউজিল্যান্ড তাদের আগের ওয়ানডের তুলনায় অন্তত আটটি পরিবর্তন আনতে যাচ্ছে। টম ল্যাথাম উইকেটকিপিং করলে জশ ক্লার্কসন, নাথান স্মিথ ও আব্বাস; এই তিন অলরাউন্ডারকে খেলানোর সুযোগ তৈরি হতে পারে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
হেনরি নিকোলস, উইল ইয়ং, নিক কেলি, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুর্ক ও জেডেন লেনক্স।

পরিসংখ্যান বলছে, ২০০৪ সালের পর থেকে বাংলাদেশে কোনো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে তারা প্রথম ম্যাচ হেরেছে, আর ২০২৩ সালের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এই ম্যাচের ভাগ্য জানা যাবে সন্ধ্যার মধ্যেই।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর