ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
সব অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে আগামী ৪ মে থেকে শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এবারের আসর। আগের মতো এবারও ডিপিএলে অংশ নেবে ১২ দল।
শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে ১৮ ও ১৯ এপ্রিল ডিপিএলের ২০২৫-২৬ মৌসুমের দলবদলের কথা জানিয়ে দিয়েছিল বিসিবি। সেই দলবদলের পরপরই লিগ নিয়ে শুরু হবে ক্লাবগুলোর ব্যস্ততা। বিসিবির পক্ষ থেকেও ব্যস্ততা থাকবে মাঠের মান উন্নয়ন ও আন্তর্জাতিক সুবিধা নিশ্চিত করতে।
এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘অনেক সীমাবদ্ধতার ভেতরেও একটি ক্রিকেট স্টেডিয়াম দিন দিন উন্নত হচ্ছে। আমরা এটা এনশিওর করেছি যে আম্পায়ারিং থেকে শুরু করে মাঠের কন্ডিশন পর্যন্ত সবকিছু আন্তর্জাতিক মানের বা এ-গ্রেডের করা হবে। আমাদের গ্রাউন্ডস কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে এই ফ্যাসিলিটিজগুলো নিশ্চিত করতে।’
ক্লাবগুলোর সুযোগ-সুবিধা এবং ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে তার কথা, ‘গরমে ক্রিকেটারদের কষ্টের কথা চিন্তা করে বিসিবির পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হবে। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রতিটি মাঠে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম রাখার চেষ্টা করব আমরা।’
আম্পায়ারিং নিয়ে অতীতে থাকা বিতর্ক দূর করার প্রত্যয় ব্যক্ত করে বাবু বলেন, ‘আমাদের এখানে আগে আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক ছিল। যার ফলে দেশের ক্রিকেট পিছিয়ে যাচ্ছিল। আমি আম্পায়ারদের স্পষ্ট বলেছি যে তাদের কোনো নির্দিষ্ট টিম নাই, তারা বিচারকের দায়িত্বে আছেন। আল্লাহর দরবার থেকে আসা এই দায়িত্বে কোনো অনিয়ম করা যাবে না।’
উইকেটের মান নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাবু বলেন, ‘খেলোয়াড়রা যাতে স্পোর্টিং উইকেট পায় সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। আমাদের অভিজ্ঞ কিউরেটররা কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে ভালো উইকেটে খেলা হয় এবং বাংলাদেশের ক্রিকেট আগের অবস্থায় ফিরে আসে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: