মুখ খুললেন সেই ইনফ্লুয়েন্সার
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং একটি ‘লাইক’ ঘিরেই তৈরি হয়েছে এই বিতর্ক।
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিজলাজ-এর একটি ছবিতে কোহলির লাইক দেয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে তিনি ওই অ্যাকাউন্টটি ফলো না করায় বিষয়টি নিয়ে আরও কৌতূহল তৈরি হয়। দ্রুতই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে শুরু হয় নানা মিম ও রসিকতা। পরে ভাইরাল হওয়ার পর ছবিটি থেকে লাইক সরিয়েও নেন কোহলি।
হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে লিজলাজ জানান, শুরুতে তিনি খুবই খুশি হয়েছিলেন, তবে পরে কোহলিকে ট্রোল হতে দেখে খারাপ লাগে তার।
তিনি বলেন, ‘আসলে তার জন্য আমার খারাপ লেগেছে। তিনি ছবিটিতে লাইক দেয়ায় আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু পরে তিনি লাইক সরিয়ে নেয়ায় মনে হয়েছে বিষয়টি তার জন্য অস্বস্তিকর হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি কীভাবে এত বড় খবর হয়ে গেল। তবুও তার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
লিজলাজ আরও জানান, তিনি নিজে জানতেন না কখন কোহলি তার ছবিতে লাইক দেন। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পরই তিনি বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে দেখি আমি খবরের শিরোনামে। কখন লাইক দিয়েছেন, আমি জানিই না। বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে করা খবরের লিংক মানুষ আমাকে ইনবক্সে পাঠিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে খুব উত্তেজিত ছিল।’
এদিকে এই ঘটনার পর লিজলাজের একটি পুরোনো ভিডিওও ভাইরাল হয়, যেখানে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সমর্থন করতে দেখা যায়। তিনি জানান, গত বছর আইপিএলের সময় বন্ধুদের মাধ্যমে দলটির ভক্ত হয়ে ওঠেন।
প্রতিবেদন: ইন্ডিয়া টুডে
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: