[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরিজে ফেরার সক্ষমতা আছে বাংলাদেশের- শরিফুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে সোমবার দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। প্রথম ম্যাচে বাংলাদেশের সেরা পারফমরার শরিফুলের বিশ্বাস, সিরিজে ফিরবে বাংলাদেশ।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সকাল ১১টায়। এর আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। সফরকারী নিউজিল্যান্ড দলে একাধিক নিয়মিত ক্রিকেটার না থাকলেও তাদের দ্বিতীয় সারির দল মানতে নারাজ তিনি।

শরিফুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড বা থার্ড টিম বলে কিছু নেই। যারা খেলছে তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেই এখানে এসেছে। এখনও আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের সেই সক্ষমতা আছে- ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

প্রথম ম্যাচে ভুলের কথাও স্বীকার করেছেন এই বাঁ-হাতি পেসার, ‘একটা ম্যাচে হয়তো আমরা কিছু ভুল করেছি। তারা ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’

লোয়ার অর্ডারে ব্যাটিং অবদান নিয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি। শরিফুল বলেন, ‘আমরা বিষয়টা অনুভব করি এবং এটা নিয়ে কাজ করছি। শেষ ম্যাচে আমি আর নাসুম ভাই যদি আর একটু ভালো করতে পারতাম তাহলে ম্যাচটা আরও ক্লোজ হতে পারত। পরের ম্যাচে ব্যাটিংয়েও অবদান রাখার চেষ্টা করব।’

তীব্র গরমে খেলার বিষয়ে শরিফুল বলেন, দলের খেলোয়াড়রা ফিটনেস ক্যাম্প করায় ভালো অবস্থায় আছে। তিনি বলেন, ‘আমাদের যারা আছে তারা এশিয়া কাপের পর ফিটনেস ক্যাম্প করেছে। তাই তারা ভালো অবস্থায় আছে। আর যারা টি-টোয়েন্টি থেকে এসেছে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

সিরিজের বাকি ম্যাচগুলো নিয়েও আত্মবিশ্বাসী শরিফুল, ‘আমাদের বিশ্বাস আছে আমরা কামব্যাক করতে পারব। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই ফল আনতে পারব।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর