[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

নতুন অধিনায়ক নিয়ে বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬ ০৬:০৭ এএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ৬ জুলাই থেকে হারারেতে শুরু হতে যাওয়া এই সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন পেসার রিচার্ড এনগারাভা। খবর আইসিসির।

এটি জিম্বাবুয়ে ওয়ানডে দলের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। এনগারাভার নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন ও অলরাউন্ডার সিকান্দার রাজা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া। টেস্ট সিরিজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১৪০) করে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এবার ওয়ানডে দলে তিনি বেন কারান ও ব্রায়ান বেনেটের সঙ্গে টপ অর্ডারে থাকবেন।

পেস আক্রমণে এনগারাভার সঙ্গে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি ও আর্নেস্ট মাসুকু। অন্যদিকে স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন অলরাউন্ডার রায়ান বার্ল ও ওয়েসলি মাধেভেরে, সঙ্গে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।

উইকেটকিপার হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের পর এই প্রথম ওয়ানডে খেলতে নামছে জিম্বাবুয়ে। সেই সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। তবে সদ্য সমাপ্ত টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় জয় জিম্বাবুয়েকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সেই ছন্দ ধরে রেখে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও ভালো ফল করার লক্ষ্য তাদের।

বাংলাদেশ–জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ৬ জুলাই
দ্বিতীয় ওয়ানডে: ৯ জুলাই
তৃতীয় ওয়ানডে: ১১ জুলাই
*তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারের হারারে স্পোর্টস ক্লাবে।

জিম্বাবুয়ের ওয়ানডে দল:
রিচার্ড ন্গারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি ও সিকান্দার রাজা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর