[email protected] শনিবার, ১৩ই জুন ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথমার্ধে প্যারাগুয়ের জালে যুক্তরাষ্ট্রের তিন গোল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ০৮:০৬ এএম

যুক্তরাষ্ট্রের শুরুটা এর চেয়েও কি ভালো হওয়া সম্ভব! ঘরের মাঠ লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম। গ্যালারিভর্তি দর্শক। এমন পরিবেশে প্যারাগুয়েকে প্রথমার্ধে রীতিমতো খেলতেই দিলো না, গোল করলো ৩টি। ৩-০ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে তারা।

ম্যাচের সাড়ে ৬ মিনিটে প্রথম গোলটি পায় যুক্তরাষ্ট্র। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচ যখন ডি-বক্সের ভেতর ম্যাককেনিকে পাস দেন, তখন তা ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

২৮ মিনিটে যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিল। গোলদাতা ফোলারিন বালোগুন ও তার সতীর্থদের উদ্‌যাপনের মাঝেই রেফারির বাঁশি, তাইলার অ্যাডামসের কাছ থেকে পাস পাওয়ার সময় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন তিনি। ‍কিন্তু দুই গোলের লিড নিতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

তিন মিনিটের ব্যবধানে সেই বালোগুনই দ্বিতীয় গোলটি করেন। ক্রিস্টিয়ান পুলিসিচ বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে গোলমুখে ঢুকে পড়েন। ডানদিকে থাকা বালোগুনকে বল বাড়িয়ে দেন তিনি। বালোগুন আলতো স্পর্শে বল জালে পাঠান।

পরের গোলটিও বালোগুনের। এবার অ্যাসিস্ট করেন মালিক তিলম্যান। বিপরীতে প্রথমার্ধে প্যারাগুয়েকে অন টার্গেটে একটি শটও নিতে দেয়নি তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর