[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

ঘুরে দাঁড়াতে একাদশে বদলের ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল শনিবার (২০ জুন) মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখে পড়লেও, ব্রাজিল কোচের বিশ্বাস দল দ্রুতই নিজেদের আসল সামর্থ্যের প্রমাণ দিতে পারবে।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, শুরুর একাদশে ‘দুই থেকে তিনটি’ পরিবর্তন আনা হতে পারে। যদিও তিনি নির্দিষ্টভাবে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেননি, তবে অনুশীলন ও দলীয় সূত্রের তথ্য বলছে রক্ষণভাগে রজার ইবানেজের পরিবর্তে অভিজ্ঞ দানিলো এবং আক্রমণভাগে ইগর থিয়াগোর জায়গায় ম্যাথিয়াস কুনহাকে দেখা যেতে পারে।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে ব্রাজিলের খেলা প্রত্যাশার ধারেকাছেও ছিল না। বিশেষ করে রাফিনহা, ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ ফুটবলাররা নিজেদের সেরা ছন্দে ছিলেন না। তবে খেলোয়াড়দের ওপর আস্থা হারাননি আনচেলত্তি। তার মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচের চাপ অনেক সময় ফুটবলারদের স্বাভাবিক খেলাকে প্রভাবিত করে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমরা কিছু পরিবর্তন করব। দলের পারফরম্যান্স আরও ভালো হওয়া দরকার। আমরা জানি, আমাদের সামর্থ্য আরও বেশি এবং সেটাই মাঠে দেখাতে হবে।

মাঝমাঠ নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ব্রাজিল কোচ। লুকাস পাকেতা নাকি দানিলো সান্তোসকে শুরু থেকে খেলবেন, তা নিয়ে চলছে আলোচনা। পাকেতাকে নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারছি না সে শুরুর একাদশে থাকবে কি না। তার অসাধারণ দক্ষতা আছে, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে সে নিজের সেরা খেলাটা খেলতে পারেনি, কিন্তু আমাদের তাকে আরও সুযোগ দিতে হবে। সে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রথম ম্যাচের প্রথমার্ধে পুরো দলই প্রত্যাশার নিচে খেলেছিল। তাই একটি ম্যাচের ভিত্তিতে কোনো খেলোয়াড় বা দলের মূল্যায়ন করতে চান না তিনি।

কৌশলগত দিক থেকেও পরিবর্তনের আভাস মিলেছে। সপ্তাহজুড়ে অনুশীলনে আনচেলত্তি দলকে আক্রমণাত্মক ৪-২-৪ ফর্মেশনে সাজিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও, হাইতির বিপক্ষে ব্রাজিলকে ৪-৩-৩ ছকে দেখা যেতে পারে। এতে মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য এই বিন্যাসে ভিনিসিয়ুস জুনিয়র বাম প্রান্তে, রাফিনহা ডান প্রান্তে খেলবেন। আর আক্রমণের কেন্দ্রে মূল স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পেতে পারেন ম্যাথিয়াস কুনহা।

দলের নির্দিষ্ট কোনো খেলার পরিচয় গড়ে তোলার প্রসঙ্গেও নিজের দর্শনের কথা তুলে ধরেছেন আনচেলত্তি। তার মতে, আধুনিক ফুটবলে একটি দলের একাধিক কৌশলে খেলার সক্ষমতা থাকা জরুরি। তাই তিনি এমন একটি ব্রাজিল গড়তে চান, যারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলাতে পারবে।

বাংলাদেশ সময় আগামীকাল শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় শুরু হবে ব্রাজিল ও হাইতির ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নতুন করে গতি ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে আগামীকাল শনিবার (২০ জুন) ৪টায় গ্রুপ ‘সি’-এর অন্য ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও স্কটল্যান্ড। সেই ম্যাচের ফলও গ্রুপের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে আপাতত সব নজর ব্রাজিলের দিকে আনচেলত্তির পরিবর্তনের ছোঁয়ায় সেলেসাওরা কতটা বদলে যায়, সেটিই দেখার অপেক্ষা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর