[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

ডেভিডের হ্যাটট্রিক, ৯ জনের কাতারকে ৬ গোল দিয়ে বিশ্বকাপে প্রথমবার জিতল কানাডা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ৯ জনের কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জেসি মার্শের দল। জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিকের দিনে গোল পেয়েছেন কাইল লারিন ও নাথান সালিবাও। কানাডার একটি গোল এসেছে কাতারের মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোল থেকে।

তবে বড় জয়ের আনন্দের মাঝেও কানাডা শিবিরে নেমে এসেছে উদ্বেগ। দ্বিতীয়ার্ধে ভয়াবহ চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল কোনেকে।

ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর তীব্র চাপ সৃষ্টি করে কানাডা। সেই চাপের ফল আসে ২২তম মিনিটে। জোনাথন ডেভিডের জোরালো শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে দ্রুত শট নিয়ে জালে বল জড়ান কাইল লারিন। চলতি বিশ্বকাপে এটি ছিল কানাডিয়ান এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।

প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও কাতারের রক্ষণ ভেদ করে স্বাগতিকরা। ২৯তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড।

এরপর ম্যাচের মোড় আরও বেশি ঘুরে যায় ৩৭তম মিনিটে। কানাডিয়ান ফরোয়ার্ড তাজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। প্রথমে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্রি-কিক দেন। তবে রেহাই পাননি হোমাম। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ফলে ম্যাচের প্রায় এক ঘণ্টা বাকি থাকতেই ১০ জনের দলে পরিণত হয় কাতার।

এই সুবিধা কাজে লাগিয়ে বিরতির আগেই আরও একবার আঘাত হানে কানাডা। নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জোনাথন ডেভিড। প্রথমার্ধ শেষে বড় লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে উদ্বেগজনক মুহূর্তটি আসে ৫৩তম মিনিটে। কাতারের আসিম মাদিবুর ভয়ংকর ট্যাকলের শিকার হন কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনে। যন্ত্রণায় কাতরাতে থাকা কোনেকে ঘিরে ধরেন সতীর্থরা এবং দ্রুত মাঠে প্রবেশ করে মেডিকেল টিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার গোড়ালিতে গুরুতর চোট লেগেছে।

ঘটনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় মাদিবুকে। ফলে কাতারকে ম্যাচের বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয়। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় কানাডার সমর্থকেরা কোনের নাম ধরে স্লোগান দিতে থাকেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘থাম্বস আপ’ দেখান এই মিডফিল্ডার।

দুই খেলোয়াড় কমে যাওয়ার পর কাতার কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। সেই সুযোগে গোলের বন্যা বইয়ে দেয় কানাডা। দ্বিতীয়ার্ধে আরও তিনবার কাতারের জালে বল পাঠায় স্বাগতিকরা। জোনাথন ডেভিড নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচের নায়ক বনে যান। পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে তিনি সমতায় চলে আসেন লিওনেল মেসির সঙ্গে।

শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা এবং নকআউট পর্বে জায়গা করে নেয়ার পথও প্রায় নিশ্চিত করে ফেলেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর