হাইতির বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল ব্রাজিল, হ্যাটট্রিক করেছিলেন কুতিনিয়ো
বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও হাইতি। শনিবার (২০ জুন) ভোরে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই ফিরে আসছে এক দশক আগের একটি স্মরণীয় রাতের গল্প, যেদিন ফিলিপে কুতিনিয়োর হ্যাটট্রিকে হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা।
২০১৬ সালের কোপা আমেরিকায় অনুষ্ঠিত সেই ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক উপলক্ষ। দুই বছর আগে নিজেদের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে একই ব্যবধানে ৭-১ গোলে হারার ক্ষত তখনও তাজা। আর ঠিক সেই স্কোরলাইনেই হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল ব্রাজিলিয়ানরা।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের ১৪তম মিনিটে দূরপাল্লার শটে গোলের সূচনা করেন ফিলিপে কুতিনিয়ো। এরপর আরও দুটি গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় হ্যাটট্রিক।
সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রেনাতো অগুস্তো। এছাড়া গ্যাব্রিয়েল ও লুকাস লিমাও নাম লিখিয়েছিলেন গোলদাতার তালিকায়। হাইতির হয়ে একমাত্র গোলটি করেন জেমস মার্সেলিন।
বর্তমান ব্রাজিল দলে সেই ম্যাচের অধিকাংশ খেলোয়াড়ই আর নেই। কুতিনিয়োও এখন জাতীয় দলের নিয়মিত মুখ নন। দারুণ সম্ভাবনা জাগালেও ক্যারিয়ার রাঙাতে পারেননি তিনি। তবে হাইতির বিপক্ষে ৭-১ গোলের সেই জয় এখনও ব্রাজিলিয়ান সমর্থকদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে, বিশেষ করে ২০১৪ সালের দুঃসহ স্মৃতির প্রেক্ষাপটে।
মজার বিষয় হলো, ১০ বছর পর আবারও বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে দুই দল। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল, অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে হাইতি। ফলে নকআউট পর্বের পথে এগিয়ে যেতে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: