[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৫ই শ্রাবণ ১৪৩৩

‘মেসি ফাইনালে গোল করবেই’—এমবাপ্পের ভবিষ্যদ্বাণী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২৩:০৭ পিএম

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারের পর হতাশা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের দলের প্রথমার্ধের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করার পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল নিয়েও মন্তব্য করেন। আর সেখানেই লিওনেল মেসিকে নিয়ে তার একটি বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিরতিতে ৪-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে হার মেনে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হয় লে ব্লুদের।

ম্যাচের প্রথমার্ধ নিয়ে এমবাপ্পে বলেন, “দুটি সম্পূর্ণ আলাদা অর্ধ ছিল। কেউ যদি বলে প্রথমার্ধটা ছিল হাস্যকর, আমরা জার্সির মর্যাদা রাখতে পারিনি—তাহলে আমি সেটা বুঝতে পারি। আসলে আমরা সেদিন খুবই মানবিক ছিলাম। প্রতিপক্ষ আমাদের পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল।”

তবে সাক্ষাৎকারের শেষ দিকে বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে এমবাপ্পের মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “মেসি ফাইনালে গোল করবে, এটা নিশ্চিত।”

এই মন্তব্যে স্বাভাবিকভাবেই স্পেন সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা মেসিকে নিয়েই এমন দৃঢ় ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্সের অধিনায়ক।

বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড নিয়েও কথা বলেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

ফরাসি তারকা বলেন, “বিশ্বকাপে অনেক গোল করলে কিছু দিক থেকে উন্নতি হয়, এটা ঠিক। কিন্তু আমি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আগামীকালের ফাইনাল খেলতে বেশি পছন্দ করতাম। ব্যক্তিগত রেকর্ড আমার উত্তরাধিকারের জন্য ভালো হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেটাই আমার প্রধান চিন্তা নয়।”

বিশ্বকাপের মঞ্চে এবার শিরোপা লড়াইয়ে না থাকলেও এমবাপ্পের এই মন্তব্য ফাইনালের আগে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, তার ভবিষ্যদ্বাণী সত্যি করে লিওনেল মেসি ফাইনালে জালের দেখা পান কি না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর