[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থ নেই, গেমসের নিশ্চয়তা নেই, তাই তাদের ক্যাম্প স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

আগামী বছর ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহর লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হওয়ার কথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা সাউথ এশিয়ান (এসএ) গেমস। হাতে বাকি তিন মাসেরও কম সময়। অথচ গেমস মাঠে গড়ানোর কোনো নিশ্চয়তা নেই। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অনুশীলন ব্যয়ও পাচ্ছে না ফেডারশনগুলো। তাই অনেক ফেডারেশনই তাদের এসএ গেমসের অনুশীলন স্থগিত করে দিয়েছে।

এক সময় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন হতো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অধীনে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের আইন বলছে, ট্রেনিং পরিচালনার এখতিয়ার কেবল তাদেরই। টাকা দেবে সরকার, ট্রেনিং তদারিকিও করবে সরকার। দীর্ঘদিন ধরে আইনের এই ব্যত্যয় ঘটিয়ে আসছিল বিওএ। জাতীয় ক্রীড়া পরিষদেরও কেনো হেলদোল ছিল না। এই এসএ গেমস থেকে ট্রেনিংয়ের তদারকি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ইতোমধ্যে এই ডিসিপ্লিনগুলোর অনুশীলনও শুরু হয়েছে। কিন্তু অর্থ সংকট ও গেমসের অনিশ্চয়তায় অনেকেই অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, বিদেশি কোচদেরও বিদায় করে দিচ্ছেন তারা।


উশু ফেডারেশনের সাধারন সম্পাদক দিলদার হাসানের কথা, ‘আমরা তিন মাসে ৫১ লাখ টাকা খরচা করেছি। অথচ পেয়েছি মাত্র ২২ লাখ টাকা। তিন মাস ধরে বিল ভাউচার দিয়েছি। কোন খরচ দিচ্ছে না এনএসসি। তাই ৩০ অক্টোবর থেকে ক্যাম্প স্থগিত করে দিয়েছি। অর্থ পাওয সাপেক্ষে পুনরায় চালু করব।’ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির বলেন, ‘গত তিন মাসের এসএ গেমসের অনুশীলন বাবদ বিদেশি কোচসহ ৩০ লাখ টাকা খরচ হয়েছে। ইন্দোনেশিয়ান কোচকেই দিতে হয়েছে নয় হাজার মার্কিন ডলার। অথচ এই তিনমাসে এক টাকাও পাইনি এনএসসির কাছ থেকে। তাই ৩০ অক্টোবর থেকে ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। টাকা পেলে ফের ক্যাম্প শুরু করব।’ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের কথা, ‘এসএ গেমসের নিশ্চয়তা নেই, এছাড়াও অন্যান্য ব্যস্ততাতো রয়েছে। সব কিছু মিলিয়ে আপাতত পুরুষ কাবাডি দলের এসএ গেমসের ক্যাম্প স্থগিত রাখা হয়েছে।’

আগামী এসএ গেমসে বাংলাদেশের অংশ নেওয়ার কথা ২৬ ডিসিপ্লিনে। ডিসিপ্লিনগুলো হলো-আরচারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল. গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবি এবং বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর