[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী হাওয়া শুরু ক্রীড়াঙ্গণে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১৬:০৩ পিএম

দেশের তৃণমূল ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আনতে উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এক নতুন নির্দেশনার মাধ্যমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সব বিদ্যমান ক্রীড়া সংস্থার কমিটি ও অ্যাডহক কমিটি একযোগে বাতিল ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে পুনরায় সচল, সুসংগঠিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে প্রতিটি স্তরে সাত সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠনের রূপরেখা নির্ধারণ করেছে সংস্থাটি। মঙ্গলবার এনএসসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খাঁন সই করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে জানানো হয়, কমিটি গঠনের বিষয়ে আগে জারি করা সব নির্দেশনা এখন থেকে বাতিল বলে গণ্য হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে সাত সদস্যের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন থানার অফিসার ইন চার্জ, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং একজন স্থানীয় ক্রীড়াবিদ। আর সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় কোনো ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ। জেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক (ডিসি)। কমিটিতে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং একজন স্থানীয় ক্রীড়াবিদ সদস্য হিসেবে থাকবেন। বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে কমিটি গঠন করা হবে। নির্দেশনায় কমিটি গঠনের জন্য কঠোর সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থাকে সাত দিনের মধ্যে তাদের অ্যাডহক কমিটির প্রস্তাব জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রস্তাব দশ দিনের মধ্যে বিশেষ বাহকের মাধ্যমে সরাসরি এনএসসিতে পাঠাতে হবে। এনএসসির মতে, এসব অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হবে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত কমিটির তালিকা পরিষদে পাঠানো। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রীড়া সংগঠনগুলোকে নতুনভাবে সক্রিয় ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আশা করছে সংস্থাটি।

উপজেলা, জেলা ও বিভাগের মতো জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনের আগেও নতুন অ্যাডহক কমিটি চান ক্রীড়া সংগঠকরা। বর্ষিয়ান ক্রীড়া সংগঠক ও ভলিবল ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুর কথায়, ‘ক্রীড়া ফেডারেশনগুলোতেও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া উচিত। যাতে স্বচ্ছ্বতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’ একই কথা বললেন হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরও, ‘আমরা স্বচ্ছ্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচন আশা করছি।’ তায়কোয়ান্দো ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানার কথা, ‘উপজেলা, জেলা ও বিভাগের মতোই জাতীয় ক্রীড়া ফেডারেশনে নির্বাচনকালীন অ্যাডহক কমিটি গঠন করা উচিত। যারা তিনমাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে।’ এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন বলেন, ‘উপজেলা, জেলা ও বিভাগে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের আয়োজন করছি। ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনও একই নিয়মে হওয়ার কথা। অবশ্য সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর